ভোলায় কন্টেন্ট ক্রিয়েটর মিটআপ সিজন-২ অনুষ্ঠিত

ভোলা প্রতিনিধি :

ভোলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘ভোলা জেলা কন্টেন্ট ক্রিয়েটর মিটআপ সিজন-২’। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোলার ড্রিমল্যান্ড পার্কে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে জেলার বিভিন্ন পর্যায়ের কন্টেন্ট ক্রিয়েটর, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার পুলিশ সুপার শহীদুল্লাহ কাওসার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরিকুল ইসলাম কায়েদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক নাদিম হোসেন খাঁন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভোলা প্রেস ক্লাবের সভাপতি, অভিনেতা সাকির, লিখুন, বিন ইসলাম, ইউনিক শুভ, সোহানুর রহমান, সাইফুল ইসলাম ও জাফরসহ জেলার বিভিন্ন পর্যায়ের পরিচিত কন্টেন্ট ক্রিয়েটর ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েটরদের পারস্পরিক পরিচিতি, অভিজ্ঞতা বিনিময় এবং সৃজনশীল কাজের প্রসারে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

আয়োজকরা জানান, ভোলার তরুণ কন্টেন্ট ক্রিয়েটরদের প্রতিভা বিকাশ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ডিজিটাল প্ল্যাটফর্মে ভোলার ঐতিহ্য, সংস্কৃতি ও সম্ভাবনাকে তুলে ধরার লক্ষ্যেই এ আয়োজন। অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেছে হোটেল প্যাপিলিয়ন। দিনব্যাপী এ আয়োজন আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

Facebook Comments Box