বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগে ৩ জনের কারাদণ্ড

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া সড়ক পরিবহন আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১৬ জনকে ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ নুর হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীদের নির্বিঘ্নে আগমন ও প্রস্থান নিশ্চিত করা, বিমানবন্দরের দোকান ও লাউঞ্জের খাবারের মান ও মূল্যতালিকা যাচাই এবং টার্মিনালের ড্রাইভওয়েতে শৃঙ্খলা বজায় রাখতে রোববারসহ বিগত কয়েক দিন বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় বিমানবন্দরের নিরাপত্তা শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. তারেক জিয়াউদ্দিন, বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সদস্য ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box