যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনসহ ১০ মার্কিন নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া। এই নাগরিকদের মধ্যে দেশটির সরকারি প্রশাসনের কয়েকজন শীর্ষ কর্মকর্তাও রয়েছেন। ১৫ মার্চ (মঙ্গলবার) থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞার জবাব হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন, প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন, বাইডেনের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জ্যাক সুলিভানসহ ১০ জন মার্কিন নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া। ১৫ মার্চ থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।’
রাশিয়ার নিষেধজ্ঞার তালিকায় যুক্তরাষ্ট্রের প্রেস সেক্রেটারি জেন সাকি, সাবেক মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন ও জো বাইডেনের পুত্র হান্টার বাইডেনও আছেন।














