লালকুঠি থেকে রূপলাল হাউজ অংশের সদরঘাট লঞ্চ টার্মিনাল দ্রুত সরাতে হবে

নিজস্ব প্রতিবেদক

সরকারি-বেসরকারি দখলদারদের ছোবলে বুড়িগঙ্গা আজ দখল হয়ে গেছে বলে জানিয়েছেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফলজে নূর তাপস। তিনি ঢাকার ঐতিহ্য পুনরুদ্ধারে পুরান ঢাকার লালকুঠি থেকে রূপলাল হাউজ পর্যন্ত অংশের সদরঘাট লঞ্চ টার্মিনাল দ্রুত বিআইডব্লিওটিএ-কে সরিয়ে নেয়ার আহবান জানিয়েছেন।

সোমবার সদরঘাটস্থ লালকুঠি প্রাঙ্গণে অনুষ্ঠিত ঢাকা সিটি নেইবারহুড আপগ্রেডিং প্রজেক্ট প্রকল্পের আওতাধীন প্রকল্প কার্যাবলী সংক্রান্ত প্রদর্শনী কার্যক্রম পরিদর্শন শেষে আলোচনা সভায় অংশ নিয়ে শেখ ফজলে নূর তাপস এ কথা বলেন।

বুড়িগঙ্গা নদী ঘেঁষে গড়ে ওঠেছে আমাদের ঢাকা উল্লেখ করে মেয়র বলেন, দুঃখজনক আমরা এই ঐতিহাসিক স্থাপনা হতে এখন আর বুড়িগঙ্গা দেখতে পাই না। কারণ সরকারি সংস্থা ও বেসরকারি দখলদারত্বের ছোবলে নদী আজ দখল হয়ে গেছে। তাই, আমি বিআইডব্লিওটিএ-কে অনুরোধ করব, অতিসত্বর আপনারা লালকুঠি হতে রূপলাল হাউজ পর্যন্ত অংশে সদরঘাট লঞ্চ টার্মিনাল সরিয়ে ফেলুন। ঢাকার ঐতিহ্য পুনরুদ্ধারে টার্মিনালের এই অংশটি দ্রুত সরিয়ে ফেলার উদ্যোগ নিন।

ঢাকার ঐতিহ্য পুনরুদ্ধার ও ফিরিয়ে আনতে হবে জানিয়ে মেয়র বলেন, ঢাকার ঐতিহ্য ফিরিয়ে আনতে সিটি করপোরেশনের মেয়র হিসেবে নির্বাচনে অংশ নিতে আমাকে অনুপ্রেরণা যুগিয়েছিল। কিন্তু নির্বাচনে জয়ী হওয়ার পর দেখলাম, লালকুঠি আর ঢাকা গেইটই শুধু করপোরেশনের আওতাধীন।

রূপলাল হাউজসহ যেসকল স্থাপনা ঢাকার অস্তিত্ব সৃষ্টি করেছে, ঢাকাকে পরিচিতি দিয়েছে সেগুলো করপোরেশনের আওতাধীন নয়। অনুষ্ঠানে বিশ্বব্যাংক বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডাইরেক্টর মারসি মিয়াঙ টেমবন বলেন, লালকুঠি সংস্কারসহ ডিসিএনইউপি প্রকল্পের আওতায় গৃহিত কার্যাবলীর মাধ্যমে যে সকল কার্যক্রম গ্রহণ করা হয়েছে এবং তার যে প্রদর্শনী আয়োজন করা হয়েছে, তাতে আমি সত্যিকার অর্থেই আনন্দিত।

এসময় রাজউকের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল হুদা, বিশ্বব্যাংকের সাউথ এশিয়া সাসটেইনেবল ডেভেলপমেন্ট এর রিজিওনাল ডাইরেক্টর জন রুম, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি ফজলে রেজা সুমন, দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ বক্তব্য রাখেন।

Facebook Comments Box