রাজধানীর কাফরুল থানাধীন পর্ব কাজীপাড়া মাদরাসা রোড এলাকার একটি বাসার ছয়তলা ভবন থেকে পড়ে মোছা. তানিয়া আক্তার (২১) নামের এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টার দিকে মৃত ঘোষণা করেন।
ওই গৃহকর্মীকে হাসপাতালে নিয়ে আসা বাসার মালিক আশরাফুজ্জামান জানান, তানিয়া বাসার ছয়তলা ভবন থেকে নিচে পড়ে গেলে দ্রুত তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। কিছুক্ষণ পরই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহতের গ্রামের বাড়ি চট্টগ্রামের শান্তিবাগ এলাকায়। বর্তমানে
কাফরুলের পর্ব কাজীপাড়া মাদরাসা রোড এলাকার ইউপিএল কুইন পার্ক ৩০৬ নম্বর বাসায় থাকতেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। গৃহকর্তা আশরাফুজ্জামানকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ক্যাম্পে আনা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।
















