জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এরঁ ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক ) বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযথ মর্যাদায় দিবসটি পালন করেছে। সোমবার রাজউক ভবনে আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়। রাজউক চেয়ারম্যান মো: আনিছুর রহমান মিয়া পিএএ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবক্রম, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক মো: হাবিবুর রহমান সিরাজ, এবং রাজনৈতিক বিশ্লেষক ও বিশিষ্ট কলামিস্ট অজয় দাশগুপ্ত।
প্রধান অতিথির বক্তব্যে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনার স্মৃতিচারণ করেন। তিনি স্বাধীনতা বিরোধী শক্তিদের রুখে দাঁড়ানোর জন্য শোককে শক্তিতে রুপান্তরের আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে মো: হাবিবুর রহমান সিরাজ বলেন, একাত্তরের পরাজিত শক্তি খুনি মোশতাক ও জিয়ার ছত্রছায়ায় এ হত্যাকাÐ ঘটায়। তিনি আরও বলেন, ইতিহাসের খলনায়ক জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বানানোর অপচেষ্টা করা হয় যা বাংলার মানুষ মেনে নেয়নি, মেনে নিবে না। সভাপতির বক্তব্যে রাজউক চেয়ারম্যান বিভিন্ন লেখকের উদ্ধৃতি দিয়ে বঙ্গবন্ধুর বিভিন্ন স্মৃতিময় ঘটনা তুলে ধরেন।
তিনি বঙ্গবন্ধুর ক্ষমা ও পরোপকারিতার বিভিন্ন স্মৃতি তুলে ধরেন এবং পৃথিবীর ইতিহাসে এমন মানবতাবাদী নেতা বিরল মর্মে উল্লেখ করেন।সবশেষে বঙ্গবন্ধুর আদর্শকে কর্মজীবনে প্রতিফলন ঘটানোর জন্য রাজউক কর্মকর্তা কর্মচারিদের আহবান জানানোর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ।















