সাগরে তিন দিন ধরে ভাসতে থাকা ১৩ জেলে উদ্ধার

ঝড়ে ইঞ্জিন বিকল হয়ে উত্তাল বঙ্গোপসাগরে তিনদিন ধরে ভাসতে থাকা একটি ফিশিং ট্রলারসহ ১৩ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। সোমবার সকালে সুন্দরবনের শ্যালার চর এলাকা থেকে তাদেরকে উদ্ধার করা হয়।

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের কর্মকর্তা লে. কমান্ডার এম মামুনুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১২ আগস্ট পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা থেকে ১৩ জন জেলেসহ ‘ছোট হুজুরের দোয়া’ নামে ফিশিং ট্রলারটি বঙ্গোপসাগরে মাছ আহরণ করতে যায়। পরদিন সকাল ৯টায় উত্তাল বঙ্গোপসাগরে ঝড়ে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়।

এরপর থেকে জেলেরা ফিশিং ট্রলারটিতে সাগরে ভাসতে থাকেন। রোববার রাত ১১টার দিকে ট্রলারটি সুন্দরবনের শ্যালার চর উপকূল এলাকা এলে তারা মোবাইল নেটওয়ার্ক পান। এরপর সাহায্য চেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেন। বিষয়টি জেনে রাতেই উদ্ধার অভিযান শুরু করেন মোংলা কোস্টগার্ড পশ্চিম জেনের কচিখালী বিসিজি স্টেশনের সদস্যরা।

সোমবার সকাল ৮টার দিকে সুন্দরবনের শ্যালার চর উপকূল থেকে ভাসমান অবস্থায় ফিশিং ট্রলারসহ ১৩ জেলেকে উদ্ধার করা হয়।

Facebook Comments Box