নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার লেপসিয়া বাজারে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে ১২টি দোকান ঘর। বুধবার (১৭ আগষ্ট) সকাল ৭টার দিকে দোকানপাট খোলার আগেই বাজারটিতে এ আগুন লাগার ঘটনা ঘটে।
স্থানীয় কয়েকজন ব্যাবসায়ী জানান, লেপসিয়া বাজারের মসলা ভাঙ্গানোর মিল মালিক সোহরাব মিয়া বুধবার সকালে তার মসলা মিলে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক সংযোগ দেওয়া তারে চেপা-শুটকি দিয়ে ফাঁদ পেতে ছিল। এ ফাঁদে একটি ইঁদুরও মরে। ইঁদুর মরার পাশাপাশি এ ফাঁদ থেকে হয়তো দোকানেও আগুন লাগার সূত্রপাত হয়েছে বলে অনেকে ধারনা করছেন। এ অগ্নিকান্ডে মসলা ভাঙ্গানোর ৫টি মিল, মনোহারি মালামালের ২টি গুদাম, ২টি বরফকলসহ অন্যান্য ক্ষুদ্র ব্যাবসায়ির ১২টি দোকান ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। টিন সেটের এসব দোকান ঘর এবং পুড়ে যাওয়া অন্যান্য মালামালের মূল্য অন্তত অর্ধ কোটি টাকা হবে বলে জানান ব্যাবসায়ীরা।
তারা আরো জানান, হাওর এলাকার এ বাজারের আশপাশে ফায়ার সার্ভিসের ষ্টেশন না থাকায় স্থানীয়দের চেষ্টায়ই ওই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে প্রায় ৪ ঘন্টা।
ঘটনাস্থল পরিদর্শন করে খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ এইচ এম আরিফুল ইসলাম জানান, এ অগ্নিকান্ডের ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার ব্যাবস্থা গ্রহণ করা হচ্ছে।















