নিজস্ব প্রতিবেদক
প্লাস্টিক দ্বারা পরিবেশকে ধ্বংস করা হচ্ছে বলে জানিয়েছেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম। তিনি বলেন, যারা পানীয় উৎপাদন করছেন এবং প্লাটিকের বোতলে বাজারজাত করছেন, তাদের সরবরাহকৃত বোতল রিসাইক্লিংয়ের দায়িত্ব নিতে হবে। প্রয়োজনে ক্রেতাদের বলেন, বোতল ফেরত দিলে টাকা ফেরত পাবেন। ঢাকা শহরকে বাঁচাতে হলে যারা পানীয় বিক্রি করবেন এবং কিনবেন সবাইকে দায়িত্ব নিতে হবে। সোমবার রাজধানীর বনানীর শেরাটন হোটেলে বাংলাদেশ-জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিজিসিসিআই) কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য মেয়র এ কথা বলেন।
ঢাকা শহরের স্কুলের সামনে শত শত গাড়ি রাখা হচ্ছে জানিয়ে মেয়র বলেন, একজন শিক্ষার্থীর জন্য একটি গাড়ি ব্যবহার করা হয়। পরিবেশ রক্ষায় ও যানজট কমাতে স্কুল বাস চালু করতে হবে। এর ফলে প্রাইভেট গাড়ির ব্যবহার কমে যাবে। স্কুল বাস সার্ভিস চালু হলে পরিবেশ দূষণ কমবে, যানজট কমবে এবং শিক্ষার্থীদের মধ্যে সামাজিক বন্ধনও সুদৃঢ় হবে।
জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের অন্যান্য অঞ্চলে বন্যা, ঘূর্ণিঝড় এবং উপক‚লীয় এলাকায় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে প্রতিদিন অসংখ্য লোক ঢাকায় চলে আসছে উল্লেখ করে মেয়র আরো বলেন, এর মধ্যে অনেকেই আশ্রয় নিচ্ছে বিভিন্ন বস্তিতে। দোকান নিয়ে বসছে ফুটপাতে। নগরবাসী পরিবেশগত বিরূপ প্রভাব অনুভব করছে। শহরের সকলেই সম্ভাব্যভাবে জলবায়ু প্রভাবের সম্মুখীন।
শহরের প্রাণ ফিরিয়ে আনতে এবং জীব বৈচিত্র্য রক্ষায় ডিএনসিসি ইতোমধ্যে অনেক ধরনের কার্যক্রম গ্রহণ করেছে উল্লেখ করে মেয়র বলেন, লাউতলা খালের ওপর অবৈধভাবে গড়ে ওঠা ট্রাক স্ট্যান্ড ও মার্কেট উচ্ছেদ করে খালটিকে পুনরুদ্ধার করে পানির প্রবাহ নিশ্চিত করা হয়েছে।
বিজিসিসিআই এর সহ-সভাপতি সিভাস্টিয়ান গ্রো এর সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জলবায়ু বিজ্ঞানী এবং গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভলপমেন্ট-এর পরিচালক ড. সালিমুল হক, বিজিসিসিআই এর সিনিয়র সহ-সভাপতি তরুন পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।
















