রাজবাড়ীতে আরিফুল ইসলাম রকি নামে এক পোল্ট্রি মুরগির ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে জেলা সদরের খানখানাপুর সুরাজ মোহিনী ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ীর আরিফুল ইসলাম রকি খানখানাপুর সর্দার পাড়া এলাকার রাজ্জাক শেখের ছেলে।
রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শওকত আলী জানান, শনিবার বিকেলে রকি খানখানাপুর সুরাজ মোহিনী ইনস্টিটিউটের সামনে একটি দোকানের বেঞ্চে বসে ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। মাথায় গুলি লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।
















