শত বাধা অতিক্রম করে এই দেশ এগিয়ে যাবে

বিশেষ প্রতিবেদক

বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশে রূপান্তরে তরুণ প্রজন্মকে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার হিসেবে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তরুণ প্রজন্ম প্রতিটি ক্ষেত্রে বিশেষ করে উচ্চমানের শিক্ষায় শিক্ষিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

রবিবার শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২২’ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এসময় ওসমানী মিলনায়তনে মূল মঞ্চে উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি প্রমূখ।

এ বছর ‘শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২২’ ১১ জনকে দেয় যুব ও ক্রিড়া মন্ত্রণালয়। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, তরুণ সমাজটা হচ্ছে একটা জাতির জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। কাজেই সেই সমাজটা শিক্ষায়-দিক্ষায় সব দিক থেকে উচ্চমানের হবে আমি সেটাই চাই।

তিনি বলেন, এই দেশটা এগিয়ে যাবে, শত বাধা অতিক্রম করে। আমাদের যুব সমাজ এটা আমাদের বড় একটা শক্তি। পৃথিবীর অনেক দেশ এখন বয়োবৃদ্ধদের দেশে পরিণত হয়েছে। আমরা সেটা হতে চাই না। কাজেই আমাদের এই যুব সমাজই পারবে সারা বাংলাদেশটাকে উন্নত সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে গড়ে জাতির পিতার স্বপ্ন পূরণ করতে।

যুব সমাজ সেবক হয়ে মানুষের পাশে দাঁড়াবে আশা প্রকাশ করে শেখ হাসিনা বলেন, আমাদের যুব সমাজ মানুষের সেবক হয়ে মানুষের পাশে দাঁড়াবে, নিজেদের আর্থ-সামাজিক উন্নতি করবে, পরিবারকে সহায়তা করবে।

২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশে রূপান্তরের জন্য তরুণ প্রজন্মকে জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার হিসেবে বর্ণনা করে প্রধানমন্ত্রী বলেন, আজকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। এটা যেন আর পিছিয়ে যেন না যায়। দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।

তিনি বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা আমরা গড়ে তুলে এই দেশের প্রত্যেকটা মানুষ যেন সুন্দর জীবন পায়, আমরা সেই পথে এগিয়ে যাব।

Facebook Comments Box