নিজস্ব প্রতিবেদক
তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. মুহাম্মাদ খলিলুর রহমান মাদানীর সভাপতিত্বে, মাদ্রাসার ফকীহ মুফতী মাওলানা শরিফুল ইসলাম সুলতানী এবং ছাত্র সংসদের জিএস জনাব আব্দুল কাইয়ুমের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সৈয়দ জয়নুল আবেদীন । প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সভাপতি জনাব নুরুল ইসলাম সাদ্দাম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে, শেরপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব হাফেজ রাশেদুল ইসলাম, গভর্নিং বডির সম্মানিত সভাপতি প্রফেসর নুর নবী মানিক,জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এর পেশ ইমাম মুফতি মুহিউদ্দীন কাসেম, বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটির ইসলামী স্টাডিজ বিভাগের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ড. মাওলানা রফিকুল রহমান মাদানী,স্কলার্স ফোরাম ঢাকা এর পরিচালক হাফেজ দেলাওয়ার হোসাইন ও ছাত্র সংসদের ভিপি তোফায়েল আহমাদ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাদরাসার মুফাসসির মাওলানা জাকির হোসাইন শেখ, মুফাসসির মাওলানা আবুল কাসেম গাজী প্রমুখ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ফকীহ মাওলানা মহিউদ্দীন, সহকারী অধ্যাপক জনাব মিজানুর রশীদ, মাওলানা আব্দুস সামাদ,জনাব আব্দুস সামাদ আযাদ প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে ঢাকা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জয়নুল আবেদীন দেশের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে বলেন, “আজকের বাংলাদেশের যে নানাবিধ সংকট, তা মূলত অযোগ্যতা ও অদক্ষতার ফসল। আমরা দৃঢ়ভাবে মনে করি, বাংলাদেশের মাদরাসা শিক্ষা ব্যবস্থার মাধ্যমেই নৈতিক, সৎ ও দক্ষ মানবসম্পদ তৈরি করে এই সংকট থেকে উত্তরণ সম্ভব।”
পরীক্ষার্থীদের সময়ের সঠিক মূল্যায়নের তাগিদ দিয়ে মাদ্রাসার অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) ড. মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী বলেন, “তোমাদের হাতে সময় আর বেশি নেই। যে কদিন আছে, তার সর্বোচ্চ সঠিক ব্যবহার করতে হবে। তোমরা দেশসেরা ফলাফল উপহার দিয়ে তোমাদের পরিবার, সমাজ ও দেশ গঠনে গৌরবোজ্জ্বল ভূমিকা রাখবে।” বক্তব্য শেষে তিনি উপস্থিত সকল মেহমানদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে প্রধান বক্তা ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম পরীক্ষার্থীদের নৈতিকতা ও যোগ্যতার সমন্বয়ে আদর্শ নাগরিক হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “তামিরুল মিল্লাত সব সময়ই মেধার স্বাক্ষর রেখে এসেছে। আজকের সংকটময় বিশ্বে ইসলামি মূল্যবোধের ভিত্তিতে সমাজ পুনর্গঠনে তোমাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তোমরা কেবল নিজেদের ক্যারিয়ার নয়, বরং উম্মাহ ও দেশের কল্যাণে নিজেদের নিয়োজিত করবে।”
বিশেষ অতিথির বক্তব্যে শেরপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “ভালো ফলাফল করার জন্য সর্বাগ্রে নিজেকে সিদ্ধান্ত নিতে হবে। যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারো, তবে ভালো রেজাল্ট হবেই ইনশাআল্লাহ। তোমরা যে সিদ্ধান্ত নিবে সেটির ওপর অটুট থাকো, তাহলে তোমরা চূড়ান্ত লক্ষ্যে সফল হতে পারবো।”
মাদ্রাসার গভর্নিং বডির সম্মানিত সভাপতি নুর নবী মানিক বলেন,”তামিরুল মিল্লাত শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়,এটি সৎ ও দেশপ্রেমিক নাগরিক গড়ার কারিগর। আমাদের শিক্ষার্থীরা বরাবরের মতোই এবারও মেধার শীর্ষস্থান ধরে রাখবে এবং দেশ ও জাতির ক্রান্তিলগ্নে আলো ছড়াবে বলে আমার বিশ্বাস।
ছাত্রসংসদের ভিপি তোফায়েল আহমেদ বলেন, “পড়াশোনার পাশাপাশি আল্লাহ তাআলার সাথে আমাদের সবার সম্পর্ক বৃদ্ধি করতে হবে। আল্লাহর সাথে সম্পর্ক মজবুত হলে আমরা জীবনের সকল কাজে সফলতা অর্জন করতে পারবো।
আলোচনা সভা শেষে ড. মাওলানা রফিকুল ইসলাম মাদানী সমাপনী বক্তব্য ও পরীক্ষার্থীদের কাঙ্ক্ষিত সাফল্য, সুস্বাস্থ্য এবং দেশ ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।














