উন্মুক্ত বর্জ্যরে পরিমাণ ৩০ শতাংশে নামিয়ে আনা হয়েছে

ঢাকা শহরের উন্মুক্ত বর্জ্যের পরিমাণ ৩০ শতাংশে নামিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, আগে যত্রতত্র ও উন্মুক্ত স্থানে ৯০ শতাংশ বর্জ্য পড়ে থাকলেও ২ বছরে ৩০ শতাংশে নেমেছে। বুধবার সকালে খিলগাঁও এলাকায় দক্ষিণ সিটির ২ নম্বর ওয়ার্ডের অর্ন্তবর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রের (এসটিএস) উদ্বোধন শেষে গণমাধ্যমের সাথে আলাপকালে শেখ ফজলে নূর তাপস এ মন্তব্য করেন।

ঢাকা এখন আর বর্জ্যের শহর নয় উল্লেখ করে শেখ তাপস বলেন, ঢাকা শহরে আগে ৯০ ভাগ বর্জ্য উন্মুক্ত অবস্থায় পড়ে থাকতো। ৫০ বছরে মাত্র ২৪টি বর্জ্য স্থানান্তর কেন্দ্র নির্মাণ করা হয়েছে। আর আমরা এই দুই বছরে ৩৫টি বর্জ্য স্থানান্তর কেন্দ্র নির্মাণ করেছি। বাকী ওয়ার্ডগুলোতেও বর্জ্য স্থানান্তর কেন্দ্রের নির্মাণ কার্যক্রম চলমান আছে।

জন্মদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে মেয়র বলেন, বাংলাদেশের উন্নয়নের কারিগর, বলিষ্ঠ নেতৃত্বের অধিকারী এবং অসহায়, গরিব-দুঃখী মানুষের আশ্রয়স্থল সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন আজ। জন্মদিন উপলক্ষে দেশব্যাপী উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচি পালন করছে। এই দিনে আমরা প্রধানমন্ত্রীর দীর্ঘ হায়াত কামনা করি।

বাংলাদেশ আজ অনেক এগিয়ে গেছে, আমরা কামনা করি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই যেন আমরা উন্নত বাংলাদেশ গড়তে পারি। এর আগে মেয়র ব্যারিস্টার শেখ তাপস ভূইয়ার মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটেন এবং পরবর্তীতে বাইতুল মুকাররম মসজিদের পূর্ব ফটক ও ডিআইটি এভিনিউ সড়কের সংযোগ রাস্তা এবং আদি বুড়িগঙ্গা চ্যানেলের চলমান খনন কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, সচিব আকরামুজ্জামান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, সংশ্লিষ্ট ওয়ার্ডসমূহের কাউন্সিলর ও মহিলা কাউন্সিলরবৃন্দ, দক্ষিণ সিটির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box