আগামী বছর থেকে অবৈধ রিকশা এবং ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র (ঢাদসিক) ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
বৃহস্পতিবার নগর ভবনের মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে দক্ষিণ সিটি করপোরেশনের দ্বিতীয় পরিষদের একাদশতম বোর্ড সভায় মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এই তথ্য জানান।
ঢাকা শহরের যান চলাচল ব্যবস্থাপনা শৃঙ্খলাবদ্ধ করতে ও নিয়মের মধ্যে নিয়ে আসতে বিভিন্ন সড়কে পর্যাপ্ত রিক্সা রাখার স্থান ব্যবস্থা করা হবে জানিয়ে মেয়র বলেন, দীর্ঘ ৩৪ বছর পর রিক্সা নিবন্ধন চলছে। অনেক জটিলতা ছিল, অনেক সময় নিয়ে ধৈর্য্য সহকারে কার্যক্রমগুলো প্রায় সমাপ্তির দিকে নিয়ে এসেছি। আমরা যেমনি গাড়ি রাখার স্থান তৈরি করব তেমনি রিক্সা রাখার স্থানও তৈরি করা হবে। সেখান থেকেই যাত্রীরা রিক্সাই উঠবে, সেবা নেবে।
এভাবে আমরা ঢাকা শহরের যান চলাচল ব্যবস্থা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা হবে। সম্প্রতি চালু হওয়া বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের আওতায় পরীক্ষামূলক বাস সেবা চালু হওয়া প্রসঙ্গে ব্যারিস্টার শেখ তাপস বলেন, আমরা এরই মাঝে পরীক্ষামূলকভাবে ঢাকা নগর পরিবহন চালু করেছি। আমাদের লক্ষ্য সচল ঢাকা। সচল ঢাকা গড়ার লক্ষ্যে গণপরিবহনকে শৃঙ্খলাবদ্ধ করার যে উদ্যোগ সেই উদ্যোগের সফল সূচনা হয়েছে। এরই মাঝে যাত্রীরা এই সেবা সাদরে গ্রহণ করেছে। সবাই নিয়মবদ্ধভাবে নির্দিষ্ট যাত্রী ছাউনিতে বাস এসে থামছে, সেখান থেকে যাত্রী উঠছে।
ই-টিকেটিং এর মাধ্যমে যাত্রীরা সেবা পাচ্ছে। ফলে যাত্রী হয়রানি বন্ধ হয়েছে এবং ভাড়াও একদম সুনির্দিষ্ট হারে নির্ধারিত। বোর্ডসভায় করপোরেশনের কাউন্সিলরবৃন্দ ছাড়াও দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর সিতওয়াত নাঈম, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, সচিব আকরামুজ্জামান, ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন প্রমুখ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
সবারবাংলা/এসআই
















