পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে উত্তরের বিভাগীয় নগরী রংপুর থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। অলিখিত এ ধর্মঘটের দায় মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের কেউ নিচ্ছে না। দুপক্ষই দাবি করছে তারা বাস বন্ধ কিংবা ধর্মঘট ডাকেনি। এর ফলে শত শত ঢাকাগামী যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন। মঙ্গলবার সকাল ৬টা থেকে এ ধর্মঘট পালিত হচ্ছে।
সরেজমিন দেখা গেছে, নগরীর কামারপাড়ায় ঢাকা কোচস্ট্যান্ডে অলস সময় কাটাচ্ছেন চালক ও শ্রমিকরা। কাউন্টার থেকে টিকিট বিক্রি বন্ধ রাখা হয়েছে। পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ বাস চলাচল বন্ধ রাখায় বিপাকে পড়েছেন আগে থেকে টিকিট কেটে রাখা যাত্রীরা।
বেশ কয়েকজন পরিবহণ শ্রমিক জানান, নিত্যপণ্যের দাম অস্বাভাবিক বাড়লেও পরিবহণ শ্রমিকদের বেতন বাড়েনি। একজন দিনমজুরের চেয়ে অনেক কম বেতন পাচ্ছেন পরিবহণ শ্রমিকরা। এত অল্প টাকা দিয়ে সংসার চালানো কষ্ট হয়ে পড়েছে। শ্রমিকরা বলেন, বেতন-ভাতা নিয়ে মালিকপক্ষকে একাধিকবার বলেও বেতন-ভাতা বাড়েনি। এরই প্রেক্ষিতে মঙ্গলবার সকাল থেকে পরিবহণ শ্রমিকরা বাস চালানো বন্ধ করে দিয়েছে।
রংপুর জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমান রাঙ্গা এমপি বলেন, বাস বন্ধ রাখার বিষয়টি মালিক সমিতির নয়। কিছু বাস মালিক ও শ্রমিক ব্যক্তিগত উদ্যোগে বাস চলাচল বন্ধ রেখেছেন। যার দায়ভার মোটর মালিক সমিতি নেবে না।
এদিকে অন্যান্য বাস না ছাড়লেও শাহ ফতেহ আলী, নাবিল ও এনা পরিবহণ রংপুর কামারপাড়ার ঢাকা বাসস্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।















