অবৈধ অস্ত্রধারীদের এখনই গ্রেপ্তার করতে হবে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অস্ত্রধারীদের এখনই গ্রেপ্তার করতে হবে বলে দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠ করতে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি। সোমবার নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। বৈঠকে সিইসি এ এম এম নাসির উদ্দিন ছাড়াও অন্য নির্বাচন কমিশনাররা বৈঠকে উপস্থিত ছিলেন। তফসিল ঘোষণা নিয়ে ইসির স্পষ্ট সিদ্ধান্ত কী তা জানতে এসেছিলাম উল্লেখ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ নিয়ে কথা হয়েছে। অবৈধ অস্ত্রধারীদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধার নিয়ে কথা হয়েছে। প্রবাসীদের ভোট দেওয়ার জন্য নিবন্ধন প্রক্রিয়া জটিল করে ফেলা হয়েছে। সিসি টিভি ব্যবহার আমাদের জোর দাবি। তারা বিশাল ব্যয়ের কথা বলেছেন। কিন্তু একটি সুষ্ঠু নির্বাচনে জন্য টাকার অংক গুরুত্বপূর্ণ নয়।

তিনি বলেন, একটি দলের নেতাকর্মীরা প্রচারে গিয়ে হামলার শিকার হচ্ছেন। তফসিল হলে এগুলো কী করে নিয়ন্ত্রণ করবে ইসি এসব নিয়েও কথা হয়েছে। জামায়াতের এই নেতা বলেন, কমিশন সাধ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করবেন সুষ্ঠু নির্বাচনের জন্য এমন কথা দিয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে পারেনি ইসি। নগ্নভাবে কোনো কর্মকর্তা অনিয়ম করলে আমরা তুলে ধরবো, তারা বলেছে ব্যবস্থা নেবে। ভোট নিয়ে কোনো আশঙ্কা করছি না, তারা যে কথা দিয়েছেন, আমরা তাদের ওপর আস্থা রাখতে চাই।

মিয়া গোলাম পরওয়ার বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য জাতি অপেক্ষা করছে। তাই সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে ভোটকেন্দ্রের নিরাপত্তায় বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করতে হবে।
জামায়াতের এই নেতা বলে, প্রবাসী ভোটিং পদ্ধতি সহজ করার বিষয়ে বলেছি। ভোট কেন্দ্রে সিসিটিভি ফুটেজ স্থাপনের বিষয়ে জোর দিয়েছি। এখনই সিরিয়াস না হলে তফসিল ঘোষণার পর ইসির অবস্থান কী হবে তা স্পষ্টভাবে জানতে এসেছি। এবারের নির্বাচন নিরপেক্ষ হবে। আশা করি এবারের নির্বাচন বিগত তিন নির্বাচনের মতো হবে না। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।

Facebook Comments Box