একই রশিতে ঝুলেছিল মা-মেয়ের লাশ

চট্টগ্রামে একই রশিতে ঝুলন্ত অবস্থায় মা-মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। স্বামীর সঙ্গে ঝগড়ার জেরে সন্তানকে নিয়ে মা আত্মহত্যা করেছেন বলে ধারণা পুলিশের।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর ইপিজেড এলাকার ব্যাংক কলোনির বাসা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাদের লাশ উদ্ধার করা হয়। তারা হলেন শাহনাজ বেগম (২৭) ও তার তিন বছরের মেয়ে সাবেকুন নাহার ইভা।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, শাহনাজ ও তার স্বামী মো. শাহজাহান ইপিজেডের একটি পোশাক কারাখানায় চাকরি করেন। দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল তাদের। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে জেনেছি, স্বামীর সঙ্গে ঝগড়া করে সন্তানকে নিয়ে আত্মহত্যা করেছেন মা। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শাহনাজ বেগমের ছোট ভাই মোহাম্মদ এরশাদ বলেন, শাহজাহান অন্য নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ায় তাদের দাম্পত্য কলহ চলছিল। এ নিয়ে সোমবার রাতে ঝগড়া হয়। সকাল ৭টার দিকে শাহজাহান কর্মস্থলে চলে যায়। বেলা ১১টার দিকে আবারও মোবাইলে স্বামী-স্ত্রীর কথা কাটাকাটি এবং বাগবিতণ্ডা হয়। এতে ক্ষুব্ধ হয়ে তিন বছরের মেয়েকে নিয়ে এক রশিতে ঝুলে আত্মহত্যা করেন আমার বোন।

Facebook Comments Box