রিয়াজ হাসনাইন, জবি প্রতিনিধি
গুচ্ছভুক্ত ২২ টি সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের মানবিক বিভাগ (বি ইউনিট)এর ভর্তি পরীক্ষা হচ্ছে আজ। দুপুর ১২ টায় ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ পরীক্ষায় অংশ নিচ্ছে ১১ হাজার ৯২৭ পরীক্ষার্থী। পরীক্ষা দিতে এসে তীব্র যানজটের কবলে ভোগান্তিতে পড়ছে শিক্ষার্থী ও অবিভাবকরা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় পুরান ঢাকার জনবহুল এলাকায় অবস্থিত হওয়ায় এমন সমস্যার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের পাশেই সদরঘাট লঞ্চ টার্মিনাল হওয়ায় এর সামনের রাস্তায় যানজট লেগে থাকে নিয়মিতই। গুলিস্তান থেকে সদরঘাট রোডে তীব্র যানজটের সৃষ্টি হওয়ায় কেন্দ্রে পৌঁছাতে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। জবি কেন্দ্রে দেখা যায়, রায়সাহেব বাজার মোড় থেকে সদরঘাট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তায় দেখা দিয়েছে তীব্র যানজট। গণপরিবহনের বাসগুলোকে রায়সাহেব বাজার মোড় পর্যন্ত চলাচলের নির্দেশ দেয়া হলেও মানেনি তারা। চলছে সদরঘাট পর্যন্ত। এতে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের ভোগান্তি চরমে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরাও হিমশিম খাচ্ছেন যানজট নিরসনে। ভর্তি পরীক্ষা দিতে আসা সাভার কলেজের শিক্ষার্থী আকাশ বলেন, শাহবাগ থেকে গুলিস্তান পর্যন্ত আসতে আমার প্রায় ২ ঘন্টা সময় লেগেছে।















