নাদিম হোসেন খাঁন, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি :
যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাজমুল হুদা, আবাসিক মেডিকেল অফিসার ডা: আশরাফুল ইসলাম সুমন, বিএনপির সাবেক সহ-সভাপতি হেলাল উদ্দিন টিপু ও কয়সর আহমেদ কমল, উপজেলা জামায়াতের নেতা অধ্যাপক রেজাউল হাসান, চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদার, ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা আব্বাস উদ্দিন,চরফ্যাশন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাইনউদ্দিন জমাদার, রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি ও দৈনিক ভোরের ডাক চরফ্যাশন উপজেলা প্রতিনিধি নাদিম হোসেন খাঁন
এ সময় জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধারা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, পুলিশ প্রশাসনের সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সুধীজন উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বৈষম্য, দুর্নীতি, গুম-খুন, ভোটাধিকার হরণ, নিপীড়ন এবং ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত গণআন্দোলন। তারা বলেন, ১৬ জুলাই রংপুরে শহিদ আবু সাঈদের প্রসারিত হাতে গুলিবিদ্ধ হয়ে শাহাদাতবরণ এবং একই দিনে দেশের বিভিন্ন স্থানে তরুণদের আত্মত্যাগ আন্দোলনে নতুন গতি ও তীব্রতা সৃষ্টি করে। পরবর্তীতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর দমন-পীড়ন, গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণের অংশগ্রহণে আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নেয়।
বক্তারা আরও বলেন, এই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর একক অর্জন নয়; এটি ছিল গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বস্তরের মানুষের সম্মিলিত সাহস, ত্যাগ ও আত্মদানের ফসল। জুলাই শহিদদের আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে গণতান্ত্রিক মূল্যবোধ, ন্যায়বিচার ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রেরণা জোগাবে।
অনুষ্ঠানে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল বীর শহিদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। একই সঙ্গে আন্দোলনে আহত সাহসী তরুণ-তরুণী ও যুবকদের অবদানের কথা স্মরণ করে তাঁদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। শহিদ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বক্তারা জুলাই যোদ্ধা এবং গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল দেশপ্রেমিক নাগরিকের আত্মত্যাগ ও অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
















