আবু সিদ্দিক (ভোলা) প্রতিনিধি :
ভোলার চরফ্যাশনে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে একটি মাছ ধরার বড় বোটে তোলার সময় ২৯৩ বস্তা সার জব্দ করেছে পুলিশ। এ সময় সার পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও একটি বোটও জব্দ করা হয়। এই ঘটনায় আজ বুধবার চারজনকে আটক করেছে চরফ্যাশন থানা পুলিশ।
বুধবার (১২ আগস্ট) ভোর ৪ টার দিকে ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বেতুয়া নতুন ফিশারি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে সারগুলো বেতুয়া ফিশারি এলাকায় একটি বড় মৎস্য বোটে তোলা হচ্ছিল। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তারা চরফ্যাশন থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সারগুলো জব্দ করে এবং বোটে থাকা চারজনকে আটক করে ট্রাকসহ সকালে থানায় নিয়ে যায়।
আটক ব্যক্তিরা হলেন নোয়াখালী জেলার আছিউল আলমের ছেলে সিরাজ (৬০), চরফ্যাশন উপজেলার মুফাজ্জল হোসেনের ছেলে পারভেজ (৪০), নোয়াখালী জেলার অহিদ হাওলাদারের ছেলে সোহেল (৩২) এবং নোয়াখালীর নবি উদ্দিনের ছেলে শাহারাজ (৪৩)।
চরফ্যাশন থানার ওসি মাহমুদ আল ফরিদ ভুইয়া বলেন, মায়ানমারে সার পাচারের আগে নির্ভরযোগ্য গোপন সুত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। এছাড়াও পাচাকৃত ২৯৩ বস্তা সার জব্দ করা হয়।তাদের ব্যবহ্নত ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়।ঘাটে জব্দ বোটের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক ঘাট এলাকার জনৈক মাঝি জানান দীর্ঘদিন একটি চক্র এই রুটে মায়ানমারে সারসহ বিভিন্ন পণ্য পাচারে জড়িত।আসার সময় মিয়ানমার থেকে ঠোলা জেলায় মাদক চালান হতো।
















