চলতি মাসেই আদি বুড়িগঙ্গা চ্যানেলের পুনঃখনন কাজ শুরু হবে

নিজস্ব প্রতিবেদক

সকল দখলদারিত্ব মুক্ত করে চলতি মাসেই আদি বুড়িগঙ্গা চ্যানেলের পুনঃখনন কাজ শুরু হবে বলে জানিয়েছেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বুধবার নগরীর কালুনগরস্থ কোম্পানীঘাট স্লুইসগেট পরিদর্শন শেষে সাংবাদিকদের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এ কথা জানান।

আদি বুড়িগঙ্গা পুনঃখনন কার্যক্রমের দরপত্র সম্পন্নের প্রক্রিয়ায় রয়েছে উল্লেখ করে শেখ ফজলে নূর তাপস বলেন, এখানে বড় কারখানা কিংবা ব্যক্তিগত দখল যাই থাকুক সব দখলমুক্ত করে আমরা পুরো আদি বুড়িগঙ্গা চ্যানেলের সীমানা নির্ধারণ করে পুনঃখননের কাজ শুরু করব। আদি বুড়িগঙ্গা চ্যানেল হতে প্রভাবশালী দখলদারদের উচ্ছেদে কোনো বাধা অনুভব করছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মেয়র বলেন, আমরা এ পর্যন্ত প্রায় সাড়ে ৬ একর জমি অবমুক্ত করেছি। আপনারা লক্ষ্য করেছেন, খালের মুখ যেখানে ১০০ ফুট ছিল সেগুলো দখল করে তা ৮ ফুট পর্যন্ত কমিয়ে আনা হয়েছিল। আমরা সেগুলো দখলমুক্ত করেছি।

অবৈধভাবে নির্মিত দশ তলা ভবনও আমরা ভেঙ্গে ফেলেছি। সুতরাং যখন আমরা শুরু করব, ইনশাআল্লাহ, এখানেও বাধাপ্রাপ্ত হওয়ার কোনো কারণ থাকবে না। আমরা পুরোটাই দখলমুক্ত করে, অবমুক্ত করে, পূর্ণাঙ্গরূপে আদি বুড়িগঙ্গাকে পূর্বের অবস্থানে নিয়ে আসব, নান্দনিক পরিবেশ সৃষ্টি করব।

এর আগে নগরীর নাসিরাবাদে অন্তবর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রের উদ্বোধনের পর সাংবাদিকদের সাথে আলাপকালে শেখ তাপস বলেন, আজকের এই উদ্বোধনের মাধ্যমে আমরা ৫৩টি বর্জ্য স্থানান্তর কেন্দ্র নির্মাণ সম্পন্ন করলাম। আমরা আশাবাদী এ বছরের মধ্যেই বাকিগুলো সম্পন্ন করতে পারব। এরপরে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস নগরীর নর্থসাউথ রোড ও তাতীবাজার মোড়ে জলাবদ্ধতা নিরসনে নর্দমার উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর সিতওয়াত নাঈম, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, সচিব আকরামুজ্জামান, ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন ও কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box