ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার দুইটি এবং সালথা উপজেলার একটি গ্রামে এক মিনিটের টর্নেডোতে লণ্ডভণ্ড হয়েছে। এ টর্নেডোতে প্রায় শতাধিক ঘরাবাড়ি বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সন্ধ্যার দিকে আঘাত হানে এ টর্নেডো।
ফরিদপুরের ভাঙ্গায় ঝড়ে ঘরের নিচে গাছচাপা পড়ে ঝর্ণা বেগম (২১) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি ছোট হামিরদী গ্রামের শাহাবুদ্দিন শেখের স্ত্রী। ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিমউদ্দিন শুক্রবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
টর্নেডোতে বাড়িঘর বিধ্বস্ত হওয়ায় কয়েকশত পরিবারের সদস্য এখন বেশ কষ্টে দিনযাপন করছে। অনেকেই খোলা আকাশের নিচে থাকতে বাধ্য হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে যান প্রশাসনের কর্তারা।
বল্লভদি ইউপি চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহিন বলেন, ভয়াবহ টর্নেডোতে সোনাতন্দী গ্রামের ২১টি পরিবার নিঃস্ব হয়ে গেছে। তাদের থাকা ও খাবার-দাবারের কোনো ব্যবস্থা নাই। আমি আপাতত কিছু শুকনো খাবার দিয়েছি।
সদর ইউনিয়নের বিদ্যাধর গ্রামের ইউনিয়ন পরিষদের সদস্য মো. শরিফুল ইসলাম বলেন, সারাদিন ধরে প্রচণ্ড বৃষ্টি ছিল। বিকেলের দিকে হঠাৎ করে টর্নেডোতে আমাদের ইউনিয়নের তিনটি গ্রামের ২০ থেকে ৩০টি কাঁচা-পাকা ঘরবাড়ি গাছপালা ভেঙে উপড়ে ফেলে।
আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ বলেন, টর্নেডোয় দুই উপজেলার ছয়টি গ্রামের প্রায় শতাধিক কাঁচাপাকা বাড়িঘর ভেঙে লণ্ডভণ্ড হয়ে গেছে। এ ছাড়া কমপক্ষে তিন শতাধিক গাছপালা উপড়ে গেছে। অনেকেই এখন খোলা আকাশের নিচে রয়েছে।
















