বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত মি. নিকোলাস উইকস ও ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস আলাদাভাবে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরাস্থ আমীরে জামায়াতের কার্যালয়ে মি. নিকোলাস উইকস এর সাথে এ সাক্ষাৎ ও প্রাতরাশ বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত মি. নিকোলাস উইকস ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনূষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি, বাংলাদেশ-সুইডেন দ্বিপক্ষীয় সম্পর্ক, ব্যবসায়-বাণিজ্য ও কূটনৈতিক অগ্রগতি নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ ভবিষ্যতে দুই দেশের অর্থনৈতিক ও উন্নয়নমূলক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনাকালে সুইডেন দূতাবাসের বাণিজ্য, রাজনীতি এবং যোগাযোগ বিভাগের প্রধান মিঃ ওলে লুন্ডিন উপস্থিত ছিলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী’র পক্ষে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন, ঢাকা মহানগরী উত্তরের মেডিকেল থানা আমীর ডা. এসএম খালিদুজ্জামান, আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান এবং নর্থ-সাউথ ইউনিভার্সিটির অধ্যাপক জনাব রাশেদুল ইসলাম। অন্যদিকে, ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস। বুধবার বেলা ১২টায় রাজধানীর বসুন্ধরাস্থ জামায়াত আমিরের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে শুরুতেই রাষ্ট্রদূত জামায়াত আমির ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার পরিপূর্ণ সুস্থতা কামনা করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও ব্রাজিলের পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা, উন্নয়ন এবং উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে খোলামেলা আলোচনা হয়। ভবিষ্যতে বাংলাদেশের প্রতি ব্রাজিলের দৃঢ় সমর্থন অব্যাহত থাকবে বলে পুনর্ব্যক্ত করা হয়। বৈঠকে দুদেশের মধ্যে ভবিষ্যৎ সম্পর্ক আরও জোরদার হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান ।















