ডিএনসিসির গাড়ির ধাক্কায় নিহত আহসানের পরিবারকে মাসে ২৫ হাজার টাকা দেয়া হবে

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বর্জ্যবাহী গাড়ির সঙ্গে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত আহসান কবির খানের পরিবারের পাশে দাঁড়িয়েছে প্রতিষ্ঠানটি। প্রতিমাসে এই পরিবারকে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে। সোমবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন বিষয়টি জানিয়েছেন।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই বিষয়ে রোববার ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক স্বাক্ষরিত একটি অফিস আদেশ জারি করা হয়েছে।

সে আদেশ অনুযায়ী গত বছরের ২৫ নভেম্বর থেকে আর্থিক অনুদানের টাকা তাদের সন্তানদের শিক্ষাকার্যক্রম মাস্টার্স বা সমমানের ডিগ্রি অর্জিত না হওয়া পর্যন্ত প্রত্যেক মাসে আহসান কবির খানের পরিবার এই আর্থিক অনুদান পাবেন।

জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে গত ২৮ মার্চ অনুষ্ঠিত ২য় পরিষদের ১১তম করপোরেশন সভা। সেই সভার সিদ্ধান্ত মতে ডিনসিসির বর্জ্যবাহী ডাম্প ট্রাকের ধাক্কায় নিহত মোটরসাইকেল আরোহী মো. আহসান কবির খানের পরিবারকে মেয়র মো. আতিকুল ইসলামের নির্দেশে তাদের সন্তানদের শিক্ষাকার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে সন্তানদের মাস্টার্স বা সমমানের ডিগ্রি অর্জিত না হওয়া পর্যন্ত প্রত্যেক মাসে ২৫ হাজার টাকা হারে আর্থিক সহায়তার অনুমোদন দেওয়া হয়েছে।

এর আগে গত বছরের ২৫ নভেম্বর রাজধানীর পান্থপথে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেলে আরোহী আহসান কবির খান (৪৫) মারা যান।

Facebook Comments Box