উত্তরায় গার্ডার চাপায় ৫ জন নিহত হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে বাস র্যাপিড ট্রানজিটের (বিআরটি) সব ধরনের কাজ বন্ধ ঘোষণা করেছেন উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, কমপ্লায়েন্স (নিরাপত্তা ব্যবস্থা) নিশ্চিত না হওয়া পর্যন্ত ঢাকায় বিআরটি প্রকল্পের সব ধরনের কাজ বন্ধ থাকবে।
মঙ্গলবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম রাজধানীর উত্তরার জসিম উদ্দিন রোডে বিআরটি প্রকল্পের কাজ চলাকালীন গতকাল ক্রেন থেকে গার্ডার পড়ে ঘটিত দূর্ঘটনাস্থল পরিদর্শনে এসে এসব কথা বলেন।
ক্রেন দিয়ে গার্ডার তোলার সময় যান চলাচল বন্ধ রাখা বা বিকল্প পথ ব্যবহারের জন্য পুলিশের ট্রাফিক বিভাগকে অবহিত করে তাদের সহায়তা নেয়া উচিৎ ছিল উল্লেখ করে মেয়র আরও বলেন, । আমি খোজ নিয়েছি বিআরটি প্রকল্প থেকে ট্রাফিক বিভাগের সাথে কোন যোগাযোগ করা হয়নি। তাদের অবহেলার কারণেই দূর্ঘটনা ঘটেছে। এভাবে আর চলতে দেয়া যায় না।
এসময় উপস্থিত বিআরটি প্রকল্পের মহা ব্যাবস্থাপকের উদ্দ্যেশ্যে মেয়র বলেন, প্রকল্প চলাকালীন নিরাপত্তার বিষয়গুলো সাইনবোর্ডের মাধ্যমে প্রদর্শন করতে হবে। প্রকল্প কবে শেষ হবে সেটিও সাইনবোর্ডে উল্লেখ করতে হবে। মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত না হলে ঢাকা শহরে প্রকল্পের কাজ চালানো যাবে না। আর একটি দূর্ঘটনাও যেন না ঘটে সেটি নিশ্চিত করতে হবে। পরিদর্শনকালে অন্যান্যের সাথে উপস্থিত ছিলেন বিআরটি’র মহা-ব্যবস্থাপক শফিকুল ইসলাম, ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।














