আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচনসহ পাঁচ গণদাবি নিয়ে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা গতকাল বৃহস্পতিবার এই কর্মসূচির আয়োজন করে। বিকেল সাড়ে ৫টার দিকে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট থেকে মিছিল শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন দলের নায়েবে আমির ড. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। কর্মসূচিতে দলের হাজারো নেতাকর্মী অংশ নেন। এসময় এই মুহূর্তে দরকার পিআর আর সংস্কার, পিআর পদ্ধতির নির্বাচন, দিতে হবে দিয়ে দাও, জামায়াত-শিবির জনতা, গড়ে তোলো একতা স্লোগান দিতে দেখা যায়। দলের অন্যান্য দাবির মধ্যে রয়েছে, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা। এর আগে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে সমাবেশে ঢাকা দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে ও সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন দলের, নায়েবে আমির ড. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, সাবেক এমপি ড. হামিদুর রহমান আযাদ, মহানগর দক্ষিণ জামায়াতের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন, মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি ড. রেজাউল করিম প্রমুখ। এছাড়া, দলটির কেন্দ্রীয় ও মহানগরীর উত্তর ও দক্ষিণ শাখার নেতারা বক্তব্য দেন।
সমাবেশে জামায়াত নেতারা বলেন, তিন দিনের কর্মসূচির প্রথমদিনই মানুষের ঢল নেমেছে। স্বচ্ছ নির্বাচনের জন্য জনগণের যে আকাঙ্খা ছিল তা বাস্তবতায়নের চতুর্মুখী চেষ্টা করা হচ্ছে। তবে একটি দল প্রভাব খাটানোর চেষ্টা করছে, তাতে সরকার বাধাগ্রস্ত হচ্ছে। পিআর পদ্ধতিতে হতে হবে জাতীয় নির্বাচন এবং জুলাই সনদের ভিত্তিতে। তা না হলে সেটি হবে জনআকাঙ্খাক্ষার বিরোধিতা।
কোন চাপের মধ্যে পড়েছে সরকার উল্লেখ করে বক্তারা আরো বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। তাই আন্দোলনে নেমেছি। এটি রাজনীতির অংশ। আবারও আলোচনার টেবিলে যেতে রাজি। তবে পিআর পদ্ধতিতেই নির্বাচন হতে হবে। জনগণ মানলে আপনাদের মানতে হবে। আপনারা ভয় পাচ্ছেন। কারণ এটি হলে ফ্যাসিবাদি হয়ে ওঠা সম্ভব হবে না বলেও জানান তিনি। জুলাই সনদেও জনআকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়নি উল্লেখ করে নেতারা বলেন, এটির আইনি ভিত্তি দিতে হবে। সংস্কার করতে হবে এবং গণভোটের মাধ্যমে আইনি ও সাংবাধানিক ভিত্তি দিতে হবে। যা নির্বাচনের আগেই করতে হবে এবং জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে। জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন না হলে দেশে আরেকটি ফ্যাসিবাদ ও শেখ হাসিনার জন্ম হবে বলে মন্তব্য করে তিনি বলেন, জনগণ তা মেনে নেবে না। নির্বাচনের আগেই গণহত্যাকারীদের বিচার করতে হবে। মূলত, জুলাই সনদ ঘোষণা, জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এ সমাবেশ করছে দলটি।
রাজধানীতে বিক্ষোভ-সমাবেশে দাবি নেতাদের
নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, তাই আন্দোলনে নেমেছে জামায়াত
Facebook Comments Box
















