নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড এলাকায় নির্মাণাধীন পাওয়ার প্ল্যান্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে। শুক্রবার (১৭ জুন) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের জাতীয় হটলাইনের দায়িত্বরত ডিউটি অফিসার রোজিনা আক্তার। তিনি বলেন, সকাল সাড়ে ৭টার দিকে আগুন লাগলে প্রথমে দুটি ইউনিট সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরিস্থিতি অবনতি হওয়ায় পরে আরও চারটি ইউনিট সেখানে যোগ দেয়।
গ্যাসের পাইপ লাইন থেকে সৃষ্টি আগুন এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি বলে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফীন। তিনি বলেন, আগুন কোনো গার্মেন্টস ফ্যাক্টরিতে নয়, গ্যাস লাইনে লেগেছে। আমাদের ইপিজেড, হাজীগঞ্জ ও মন্ডলপাড়া স্টেশনের ছয়টি ইউনিট ইতোমধ্যে আগুন নেভাতে কাজ করছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পরে জানানো হবে।














