পুরান ঢাকার বড় ও ছোট কাটরার পূর্ণ সংস্কার করা হবে

পুরান ঢাকার বড় কাটরা, ছোট কাটরার পূর্ণ সংস্কার ও সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বুধবার ঐতিহ্যবাহী স্থাপনা বড় কাটরা ও ছোট কাটরা পরিদর্শন শেষে সাংবাদিকদের মেয়র এ কথা জানান।

বিভিন্ন সময় স্বার্থান্বেষী মহল পুরান ঢাকার ঐতিহ্যবাগী স্থাপনা নষ্ট করেছে উল্লেখ করে মেয়র আরো বলেন, আমরা আর এসব নষ্ট করতে দিব না। ঐতিহ্যবাহী স্থাপনা হওয়া স্বত্বেও কিভাবে এসব ভাঙ্গা হয়েছে তা খতিয়ে দেখা হবে। শেখ তাপস বলেন, আমাদের ঐতিহ্যের ঢাকার মূল স্থাপনার একটি বড় অংশ বড় কাটারা ও ছোট কাটারা। সেই বড় কাটরার একটি অংশ এক ব্যক্তি ভেঙ্গে ফেলছে। এতে আমি অত্যন্ত মর্মাহত হয়েছি। সাথে সাথেই নির্দেশনা দিয়েছি, যাতে করে আর কোনও অংশ ভাঙ্গা না হয় এবং এই স্থাপনাটি যেন সিলগালা করে দেওয়া হয়।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শেখ তাপস বলেন, এটা মোগল সাম্রাজ্যের সময়ে মীর আবদুল কাশেম এবং শায়েস্তা খান এটা নির্মাণ করেছেন। পরবর্তীতে এটা সরকারের হাতেই ন্যস্ত হওয়ার কথা। হয় জেলা প্রশাসনে ন্যস্ত হবে, না হলে সিটি করপোরেশনে ন্যস্ত হবে। না হলে প্রত্নতত্ত্ব বিভাগ অথবা গণপূর্তের অধীনে ন্যস্ত হবে। এটা সরকারের বাইরে যাওয়ার কোনও সুযোগ নেই। এর আগে ঢাদসিক মেয়র কাঁচপুরে আন্তঃজেলা বাস টার্মিনালের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন। এ সময় তিনি আগামী ২ বছরের মধ্যে চট্টগ্রাম-সিলেট বিভাগের বাস যাত্রীদের প্রাথমিক যাত্রীসেবা দেওয়ার আশাবাদ জানান।

এরপরে শেখ তাপস ধানমন্ডি হ্রদের ২ নম্বর সেক্টরে বজরা রেস্তোরাঁ উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক সাবিহা পারভীন, করপোরেশনের সচিব আকরামুজ্জামান, পরিবহন মহাব্যবস্থাপক হায়দর আলী, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box