ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে তর্কবিতর্কের জেরে ছুরিকাঘাতে ইলিয়াছ খান (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার দিনগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা ব্রিজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইলিয়াছ খান ওই গ্রামের মৃত সাত্তার খানের ছেলে ও দুই সন্তানের জনক।

স্থানীয়রা জানান, বিকালে স্থানীয় মাঠে ফুটবল খেলা নিয়ে একই গ্রামের সিয়াম নামের ১৬ বছরের এক কিশোরের সঙ্গে ইলিয়াছের তর্কবিতর্ক হয়। এই তর্কবিতর্কের জেরে রাতে সিয়াম তার বাবা রাসেলকে নিয়ে মুরুব্বিদের কাছে বিচার চায়। পরে মুরুব্বিরা বিচার দেবে বলে আশ্বাস দেন।

এরপর রাত সাড়ে ১০টার দিকে সিয়াম ও তার বাবা কালিঞ্জা ব্রিজ মোড় এলাকায় পৌঁছলে ইলিয়াছের সঙ্গে তাদের দেখা হয়। এখানে আবারও দুজনের মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে সিয়াম তার সঙ্গে থাকা ছুরি দিয়ে ইলিয়াছের শরীরে কয়েকবার আঘাত করে। এতে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য জহুরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে এ হত্যার ঘটনা ঘটেছে বলে তিনি জেনেছেন। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির জোর দাবি জানান তিনি।

রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামান বলেন, হত্যার বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তাতে প্রাথমিকভাবে জানা গেছে, ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়। আর সেই বিরোধের জেরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

Facebook Comments Box