মিয়ানমারের সাগাইং অঞ্চলের মিয়াং টাউনশিপের একটি বৌদ্ধ বিহারে দেশটির সামরিক বাহিনীর বিমান হামলায় নারীসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এই হামলায় তিন নারীসহ আরও অন্তত ২০ জন আহত হয়েছেন। এসব তথ্য নিশ্চিত করেছে স্থানীয় বেসামরিক প্রতিরক্ষা ও নিরাপত্তা সংস্থা (সিডিএসওএম)।
শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে বিমান হামলা চালানো হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম ইরাবতী। সিডিএসওএমের মুখপাত্র নুয়ে উ জানান, দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালে থেকে প্রায় ৭৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত সোয়েল লে ওহ গ্রামের মঠ প্রাঙ্গণে হামলাটি ঘটে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা জানান, যুদ্ধবিমান থেকে মাত্র ১৫ মিনিটের ব্যবধানে মঠ ও তার আশপাশে দুটি বোমা বর্ষণ করা হয়। ঘটনার সময় বৌদ্ধ ধর্মালম্বীদের বর্ষাবাসের ঐতিহ্যবাহী আচার পালন উপলক্ষে সেখানে শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
ব্রিটিশি সংবাদমাধ্যম বিবিসি বার্মিজ বিভাগ ও স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে মৃতের সংখ্যা ১০ থেকে ১৪ জন বলে উল্লেখ করা হয়েছে।
সামরিক জান্তা কর্তৃপক্ষ এই হামলা নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে এর আগে তারা দাবি করেছিল যে, তারা কেবল ‘বৈধ লক্ষ্যবস্তু’তেই সামরিক অভিযান পরিচালনা করে থাকে।
সাগাইং অঞ্চলটি ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে সামরিক সরকারের বিরুদ্ধে গড়ে ওঠা সশস্ত্র প্রতিরোধের অন্যতম প্রধান শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ২০২১ সালের ফেব্রুয়ারিতে অং সান সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে মিয়ানমারজুড়ে গৃহযুদ্ধ অব্যাহত রয়েছে।
ওয়াশিংটন-ভিত্তিক কাউন্সিল অন ফরেন রিলেশনসের তথ্য অনুযায়ী, এই সংঘাতের ফলে এ পর্যন্ত এক লাখের বেশি মানুষ নিহত এবং ৫২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। বর্তমানে দেশের প্রায় ৪২ শতাংশ এলাকা প্রতিরোধ বাহিনী ও জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে সামরিক জান্তার নিয়ন্ত্রণে মাত্র ২১ শতাংশ এলাকা।














