রাজধানীর লাল চিহ্নিত সড়কে হকার বসলে ব্যবস্থা

আগামী সপ্তাহ হতে লাল চিহ্নিত অতি গুরুত্বপূর্ণ সড়কে আর হকার বসতে না দেওয়া হবে না বলে জানিয়েছেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, লাল চিহ্নিত সড়কে হকার বসলে ব্যবস্থা নেয়া হবে। বুধবার ১০ তলা বিশিষ্ট বঙ্গব এভিনিউ বিপনী বিতানের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন পরবর্তী সাংবাদিকদের সাথে আলাপকালে শেখ ফজলে নূর তাপস এ ঘোষণা দেন।

আমরা একটি নতুন পদক্ষেপে যাচ্ছি উল্লেখ করে শেখ তাপস বলেন, আমরা ১০ তলা মার্কেটে আমরা (তাদেরকে) পুনর্বাসন করব, তার সাথে সাথে আগামী সপ্তাহ থেকে আমাদের নির্দিষ্ট রাস্তায় নির্দিষ্ট সড়ক আমরা চিহ্নিত করব। কেবল অতি গুরুত্বপূর্ণ সড়কগুলো লাল চিহ্নিত করা হবে। হলুদ ও সবুজ চিহ্নিতও করা হবে। লাল চিহ্নিত এলাকায় সড়কে হাঁটার পথে আমরা আর হকার বসতে দেবো না। আগামী সপ্তাহ থেকে আমরা লাল চিহ্নিত অতি গুরুত্বপূর্ণ সড়কগুলো হতে হকার সরানোর অভিযান শুরু হবে।

বঙ্গবন্ধু এভিনিউতে আধুনিক দশতলা বিপণি বিতান নির্মাণ কাজ হকারদের প্রতীক্ষা পূরণের আশাবাদ জানিয়ে শেখ তাপস আরো বলেন, এটি দীর্ঘদিনের প্রতীক্ষিত ছিল। এই এলাকার হকার ভাই-বোনদের অত্যন্ত প্রয়োজনীয় একটি মার্কেট। দীর্ঘসূত্রতার কারণে দীর্ঘদিন এটা করা হয়নি। আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে, এটার কাজ শুরু করতে পেরেছি। আমরা আশা করব আগামী দুই বছরের মধ্যে এর নির্মাণ কাজ সম্পন্ন হবে।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, আপনারা জানেন যে, ২০১৯ সালে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব যেরকম মহামারীর আকার ধারণ করেছিল এবার সেই পর্যায়ে যেতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করেছিল।

আমরা এজন্য প্রথম থেকেই আগাম প্রস্তুতি নিয়েছি। যে জরিপগুলোর ফলাফল এসেছিল সেগুলোর উপর ভিত্তি করে আমরা বিস্তর চিরুনি অভিযান পরিচালনা করেছি এবং বিগত দুই মাসব্যাপী নিয়ন্ত্রণ কক্ষ পরিচালনা করে (এডিস মশার) উৎসগুলোর ধ্বংসের মাধ্যমে আমরা প্রত্যেকদিন দিনব্যাপী ব্যাপক কার্যক্রম নিয়েছি। এ সময় অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, করপোরেশনের সচিব আকরামুজ্জামান, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীন, ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরিদ উদ্দিন আহম্মদ রতন, সংরক্ষিত আসনের কাউন্সিলর রোকসানা ইসলাম চামেলী প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box