সারা দেশে আজ বৃহস্পতিবার (১১ জুন) থেকে সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত দোকানপাট, বিপণিবিতান ও শপিং মল খোলা খাকবে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।
এর আগে গত ৮ জুন সারা দেশের দোকানপাট, বিপণিবিতান ও শপিং মল প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।
চিঠিতে সংগঠনটির সভাপতি নাজমুল হাসান এবং সাধারণ সম্পাদক আরিফুর রহমান বলেন, সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধ রাখার বর্তমান সিদ্ধান্তে খুচরা ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং লাখো ব্যবসায়ী ও কর্মচারীর জীবিকা ঝুঁকির মুখে পড়েছে।
চিঠিতে আরও বলা হয়, বর্তমানে ব্যবসা পরিচালনার ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। দোকান ভাড়া, বিদ্যুৎ বিল, ব্যাংকঋণের কিস্তি, কর্মচারীদের বেতন-ভাতা এবং অন্যান্য পরিচালন ব্যয় বেড়ে যাওয়া ব্যবসায়ীরা কঠিন সংকটে পড়েছেন। এর মধ্যে সন্ধ্যা ৭টার পর দোকান বন্ধ রাখার বাধ্যবাধকতা ব্যবসার ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করছে।
অধিকাংশ চাকরিজীবী ও কর্মব্যস্ত মানুষ দিনের বেলায় কেনাকাটার সুযোগ পান না। সাধারণত তারা বিকেলবেলা বা সন্ধ্যার পর বাজারে আসেন। ফলে রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার সুযোগ না থাকলে ব্যবসায়ীরা সম্ভাব্য বিক্রয় থেকে বঞ্চিত হন। এতে ব্যবসার পরিধি সংকুচিত হয় এবং কর্মসংস্থান হুমকির মুখে পড়ে।
চিঠিতে দাবি করা হয়, দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হলে দেশের প্রায় ৭০ লাখ ব্যবসায়ী ও কর্মচারীর জীবিকা সুরক্ষিত হবে। একই সঙ্গে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে, সরকারের রাজস্ব আয় বাড়বে এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
















