ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সকল সেবা নিরবিচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন, নবনিযুক্ত প্রশাসক মোঃ মাহমুদুল হাসান, এনডিসি। তিনি বলেন, ডিএনসিসি একটি সেবামূলক প্রতিষ্ঠান। জনগণের প্রত্যাশা অনুযায়ী সেবার পরিসর বৃদ্ধি করতে পদক্ষেপ নেওয়া হবে। মঙ্গলবার গুলশানস্থ ডিএনসিসি নগর ভবনে সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।
এরআগে গতকাল সকালে ডিএনসিসির প্রশাসক হিসেবে যোগদান করেছেন মোঃ মাহমুদুল হাসান, এনডিসি। এরপর তিনি ডিএনসিসির সকল বিভাগীয় প্রধান এবং ঊর্ধ্বতন অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে ডিএনসিসির সার্বিক কার্যক্রম বিষয়ে সভা করেন। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন মোঃ মাহমুদুল হাসান।
ছাত্র-জনতার অভ্যূত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, বর্তমান সরকারের কাছে ছাত্র-জনতার যে প্রত্যাশা সেটি পূরণে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমাদের কার্যক্রম পরিচালনা করবো। এসময় ডিএনসিসির কার্যক্রম পরিচালনায় জনগণের সহযোগিতা চেয়েছেন তিনি। ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম জোরদার করা হবে বলে উল্লেখ করে তিনি বলেন, বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যায়। তাই ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম জোরদার করা হবে। খালের ময়লা পরিষ্কার করে ও অবৈধ দখলমুক্ত করে খালের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা হবে। জন্ম ও মৃত্যু নিবন্ধনসহ অন্যান্য সকল নৈমিত্তিক সেবাগুলো অব্যাহত রাখা হবে।
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে প্রশাসক বলেন, ‘ডিএনসিসির কাউন্সিলরদের দায়িত্ব পালনের বিষয়ে এখনো সরকারের কোন সিদ্ধান্ত হয়নি। সরকারের নির্দেশনা অনুযায়ী কাউন্সিলরদের দায়িত্ব পালনের বিষয়টি চূড়ান্ত হবে। মতবিনিময়কালে অন্যান্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম, সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, প্রধান প্রকৌশলী ব্রিগে. জেনা. মোঃ মঈন উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে. জেনা. ইমরুল কায়েস চৌধুরী এবং প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ ফিদা হাসান প্রমুখ।
















