ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজন মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ১৮ জনের মৃত্যু হলো। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৬ জন। এ নিয়ে সারাদেশে মোট ৪৩০ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম সই করা ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার একই সময়ের মধ্যে সারাদেশে নতুন করে আরও ১১৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে ৯৬ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঢাকার বাহিরে ২০ জন।
এ নিয়ে বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৪৩০ জন ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৩৬৪ জন। ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৬৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে ১ জানুয়ারি থেকে ২০ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪ হাজার ৩৪৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩ হাজার ৮৯৬ জন।
এ সময়ে ঢাকায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ৬১৮ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ২৪৬ জন। ঢাকার বাহিরে ভর্তি হয়েছেন ৭২৬ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৫০ জন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। এ নিয়ে জানুয়ারির ১ তারিখ থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে ১৮ জনের মৃত্যু হয়েছে। এ বছর ২১ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়।
২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ এ সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।














