৩৩৫ কিলোমিটার দূরে সিত্রাংয়ের অবস্থান, ১৫ জেলা প্লাবিতের শঙ্কা

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ বাংলাদেশের দিকেই দ্রুত এগিয়ে আসছে। আবহাওয়াবিদের তথ্যানুযায়ী, আজ সন্ধ্যায় এটি উপকূলে আঘাত হানবে। ইতোমধ্যে সিভিয়ার সাইক্লোনে রূপান্তরিত হয়েছে ঘূর্ণিঝড়টি। বাংলাদেশ উপকূলের আরও কাছাকাছি চলে এসেছে ঘূর্ণিঝড় সিত্রাং। বর্তমানে সিত্রাং পায়রা বন্দর থেকে ৩৩৫ কিলোমিটার দূরে অবস্থান করছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. ওমর ফারুক।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার এবং এসব জেলার অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫-৭ ফুট উচ্চতার জলোচ্ছাসে প্লাবিত হতে পারে।

ঘুর্ণিঝড়ের সময় অমাবশ্যা তিথি ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে এই জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। সিত্রাংয়ের প্রভাবে সোমবার ভোর থেকেই ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বইছে। রাজধানীসহ দেশের অনেক জেলায় এমন পরিস্থিতি।

ঘূর্ণিঝড় সিত্রাং আজ সন্ধ্যায় আঘাত হানবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

Facebook Comments Box