ঢাকায় আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা

রাজধানীর ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে হোটেল ম্যানেজার নাঈমুর রহমানকে (২৬) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এতে হোটেলের মহাব্যবস্থাপক (এমডি) আব্দুর রাজ্জাক (৫০) ও হাসান (২৬) নামে এক কর্মচারীও গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার ভোরের দিক জয়কালী মন্দিরের পাশে ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে ঘটে এ ঘটনা। পূর্বশত্রুতার জেরে এই হামলা বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন মিয়া বলেন, হোটেলের সামনে মুরগি ব্যবসায়ীদের বসা নিয়ে বিরোধের জেরে এ হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এক মুরগি ব্যবসায়ী ও তার ছেলে জড়িত বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। আহত আব্দুর রাজ্জাকের পিঠে গুরুতর জখম হয়েছে। আর হাসানের পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তাদের শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ওয়ারি থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুর রহমান জানান, রাত দুইটার দিকে দেশীয় অস্ত্র নিয়ে দুই ব্যক্তি হোটেলে ঢুকে ম্যানেজার নাঈমুর রহমানকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় তার চিৎকার শুনে এগিয়ে গেলে হোটেলের জেনারেল ম্যানেজার আব্দুর রাজ্জাক ও কর্মচারী হাসানকেও কুপিয়ে আহত করে হামলাকারীরা। পরে তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক নাঈমুর রহমানকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, কী নিয়ে বিরোধ, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনা তদন্তের পর জানা যাবে।

Facebook Comments Box