শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব ও ডিসিসহ গ্রেপ্তার ৪

জধানীর ধানমন্ডি এলাকা থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপপ্রেস সচিব কে এম শাখাওয়াত মুন, সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন ও আয়কর আইনজীবী সুফি মো. আল মামুনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। পৃথক অভিযানে ককটেলসহ গ্রেপ্তার হয়েছেন আল আমিন নামে আরেকজন। এ ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছ।

বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর এলাকা থেকে ওই তিনজনকে আটক করা হয়। পরে তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হলে পুলিশ মোহাম্মদপুর থানায় নিয়ে যায়।

আটকের সময় ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সহসভাপতি মোতাহার হোসেন নিলয় ও ৩২ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ জাবেদকে কে এম শাখাওয়াত মুনের সঙ্গে কথা বলতে দেখা যায়। এ সময় ডিসেম্বর ঘিরে আওয়ামী লীগের রাজনৈতিক পরিকল্পনা নিয়ে তাকে বিভিন্ন প্রশ্ন করা হয়। জবাবে শাখাওয়াত মুন জানান, তিনি বর্তমানে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে রয়েছেন।

এদিকে, পৃথক অভিযানে মোহাম্মদপুরের সাবেক কাউন্সিলর রাজিবের সহযোগী আল আমিনকে ককটেলসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সব মিলিয়ে চারজন বর্তমানে মোহাম্মদপুর থানা-পুলিশের হেফাজতে রয়েছেন। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

Facebook Comments Box