ভয়াবহ বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩, আহত ২৬

সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। এই দুর্ঘটনায় আরও ২৬ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে রাস আল খাইমাহর দক্ষিণাঞ্চলের আল ওয়াতান রোডে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

রাস আল খাইমাহ পুলিশ জানায়, ৪১ জন যাত্রীবাহী একটি বাস যান্ত্রিক ত্রুটির কারণে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ১১ জন নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জনের মৃত্যু হয়।

ইউএই ন্যাশনাল অ্যাম্বুলেন্স জানিয়েছে, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ১৬টি অ্যাম্বুলেন্স ও ৫টি ফার্স্ট রেসপন্ডার গাড়ি পাঠানো হয়। ঘটনাস্থলে আহত ২৬ জনকে জরুরি প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং গুরুতর আহত ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।

Facebook Comments Box