গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অর্থের জোগানদাতার খোঁজে আওয়ামী লীগের নেতা, সাবেক আমলা ও ব্যবসায়ীসহ অন্তত ১০১ জনের ব্যাংক হিসাব এবং মোবাইল লেনদেন খতিয়ে দেখছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) গোয়েন্দা ইউনিট।
এ ঘটনায় এখন পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাসহ প্রায় ৯৭ জনের ব্যাংক হিসাব এরই মধ্যে অবরুদ্ধ করা হয়েছে। আরও বেশ কিছু সন্দেহজনক ব্যক্তিকে গোয়েন্দা জালে নজরদারি করা হচ্ছে। পাশাপাশি তাদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) লেনদেনের তথ্যও যাচাই করা হচ্ছে বলে জানা গেছে।
এনবিআর সূত্রে জানা গেছে, এসব আর্থিক লেনদেন অনুসন্ধানে সংস্থাটির চারটি গোয়েন্দা ইউনিট যৌথভাবে কাজ করছে। ইউনিটগুলো হলো—কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি), আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (ভ্যাট গোয়েন্দা) এবং কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাব, কর নথি, আয়-ব্যয়ের হিসাব এবং ডিজিটাল লেনদেনের তথ্য যাচাই করছেন তারা।
এর মধ্যে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট সংশ্লিষ্ট ব্যক্তিদের কর নথির সঙ্গে তাদের আয়-ব্যয়ের হিসাব এবং ব্যাংক ও এমএফএস লেনদেনের তথ্য মিলিয়ে দেখছে। পাশাপাশি তাদের আয়ের উৎসও খতিয়ে দেখা হচ্ছে। বিকাশ, নগদ ও রকেটসহ বিভিন্ন মোবাইল আর্থিক সেবার মাধ্যমে অর্থ লেনদেনের তথ্য যাচাই করছেন গোয়েন্দারা।
















