কাতার বিশ্বকাপের স্টেডিয়াম নির্মাণে সৈয়দপুরের রহমান শুভ

দরজায় কড়া নাড়ছে কাতার বিশ্বকাপ। এ উপলক্ষে মরুভূমির দেশটিতে তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন স্টেডিয়াম। এবারের ফিফা বিশ্বকাপ ফুটবলের জন্য নির্বাচিত দলগুলো কাতারজুড়ে আটটি স্টেডিয়ামে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবেন। স্টেডিয়ামগুলোর মধ্যে আল-রাইয়ান শহরে অবস্থিত এডুকেশন সিটি স্টেডিয়াম একটি। এই স্টেডিয়াম নির্মাণে অগ্রণী ভূমিকায় ছিলেন নীলফামারীর সৈয়দপুরের বাসিন্দা কাতার প্রবাসী ওয়াশিকুর রহমান শুভ। স্টেডিয়ামটির নির্মাণকাজে কাঠামোগত প্রধান প্রকৌশলীর দায়িত্বে ছিলেন তিনি।

জানা গেছে, মধ্য দোহা থেকে ৭ কিলোমিটার উত্তর-পশ্চিমের শহর আল-রাইয়ান। এই শহরেই অবস্থিত এডুকেশন সিটি স্টেডিয়াম। বিশ্বকাপ ফুটবল আয়োজনকে কেন্দ্র করে সেখানে স্টেডিয়ামটি নির্মাণ করা হয়েছে। নির্মাণকাজ সম্পন্ন হওয়ার পর ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে করোনার সামনের সারির কর্মীদের শ্রদ্ধা জানিয়ে ২০২০ সালে এর উদ্বোধন করা হয়। ওয়াশিকুর স্টেডিয়ামটির নির্মাণকাজে কাঠামোগত প্রকৌশলীর প্রধান দায়িত্ব পালন করেন।

প্রকৌশলী ওয়াশিকুর সৈয়দপুর উপজেলা শহরের বাঁশবাড়ি এলাকার শেখ নাজমুল হকের ছেলে। তিন ভাই-বোনের মধ্যে বড় ওয়াশিকুর। তিনি স্থানীয় রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯২ সালে এসএসসি এবং ১৯৯৪ সালে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে কাঠামোগত প্রকৌশল বিদ্যায় স্নাতক ও স্নাতকত্তোর ডিগ্রি অর্জন করে দুবাইয়ে পাড়ি জমান। সেখান থেকে ২০১০ সালে কাতার স্টেডিয়ামের প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে যোগদান করেন।

Facebook Comments Box