দেশের অর্থনীতির আকার ৪৭০ বিলিয়ন ডলার জিডিপিতে পৌঁছেছে

বাংলাদেশের অর্থনীতির আকার ৪৭০ বিলিয়ন ডলার জিডিপিতে পৌঁছেছে বলে জানিয়েছেন, স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। তিনি বলেন, আগে মাত্র ১৭ বিলিয়ন ডলারের জিডিপি ছিল।

বুধবার রাজধানীর একটি অভিজাত হোটেলে স্থানীয় সরকার বিভাগ আয়োজিত উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এর “উপজেলা পরিষদ: স্মার্ট বাংলাদেশের পথে” শীর্ষক লেসন লার্নড ওয়ার্কশপে প্রধান অতিথির ব্তব্য মন্ত্রী এ কথা বলেন।

২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে গেলে শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা তৈরি করতে হবে উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, প্রান্তিক মানুষ তাদের নিজেদের সমস্যা সমাধানে উদ্ভাবনী কৌশল প্রয়োগ করে সমাধান করতে সক্ষম। এ সময় স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরনে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের ঐক্যবদ্ধভাবে দেশ ও জনগণের সেবায় নিয়োজিত হওয়ারও আহবান জানান তিনি।

উপজেলা ও জেলা পরিষদের কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য নীতিমালা করে দেওয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, যার ফলে স্থানীয় সরকার ব্যবস্থা গতিশীল হয়েছে। মন্ত্রী বলেন, জাপান বাংলাদেশ সম্পর্ক শুধুমাত্র সরকারি পর্যায়ে সীমাবদ্ধ নয় বরং এ দুই দেশের উষ্ণ সম্পর্ক জনগণের মধ্যেও বিস্তৃত। বাংলাদেশের উন্নয়ন সহযোগী হওয়ায় জাপান-বাংলাদেশ সম্পর্কের হৃদ্যতা আরো গভীর হয়েছে বলেও উল্লেখ করেন মোঃ তাজুল ইসলাম।

বর্তমান সরকারের উন্নয়নমুখি নীতির ফলে একটা সময় যখন দেশের দারিদ্রতার হার ৭০% ছিল তা ২০২৩ সালে মাত্র ১৮% এ নেমে এসেছে জানিয়ে তিনি বলেন, এই উন্নয়নের সুফল দেশের আপামর জনসাধারণের কাছে পৌঁছেছে বলেই আজ দারিদ্রতার হার কমেছে। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাইকা বাংলাদেশের জেষ্ঠ্য প্রতিনিধি কোমোরি তাকাশি এবং ওয়ার্কশপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম ও এতে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিম। সভাপতির বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিম বলেন, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) প্রকল্পটি আমাদের সক্ষমতার নমুনা এবং এ প্রকল্পের মাধ্যমে আমরা প্রমান করেছি আমরাও পারি। এ সময় তিনি এ প্রকল্পে সার্বিক সহযোগিতার জন্য জাপান সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান।

Facebook Comments Box