বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক। মঙ্গলবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সকালে ঘণ্টাব্যাপী এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে জামায়াত আমির বলেন, বাংলাদেশ ও কোরিয়া এক্ষেত্রে তাদের পার্টনারশিপ কীভাবে আরো উন্নত করা যায় সে বিষয়ে আমরা আলোচনা করেছি। এছাড়া, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আমরা কথা বলেছি। পাশাপাশি আগামীতে দুই দেশের সম্পর্ক আরো কীভাবে একটা চমৎকার পর্যায়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে আমরা অভিব্যক্তি ব্যক্ত করেছি। বাংলাদেশ কীভাবে সামনে দেশের জনগণের উন্নতি নিরাপত্তা অগ্রগতি নিয়ে বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে পারে সে বিষয়েও আলোচনা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কথা উল্লেখ করে তিনি বলেন, সম্প্রতি আন্দোলনের যারা আহত হয়ে চোখ হারিয়েছেন, মূল্যবান অঙ্গহানি হয়েছে, কোরিয়া তাদের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কি সহযোগিতা করতে পারে সে বিষয়ে আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। তারা আমাদের আশ্বস্ত করেছেন করে তারা ভেবেচিন্তে বেশ কিছু সহযোগিতা করতে পারবেন। এই মুহূর্তে আমাদের এই সহযোগিতাটা বড়ই প্রয়োজন। নইলে কিছু জীবন আজীবনের জন্য পঙ্গু বা বিপর্যস্ত হয়ে যাবে।
তিনি বলেন, দক্ষিণ কোরিয়াতে বসবাসকারী বাংলাদেশিরা কীভাবে আরও বড় অবদান রাখতে পারে এবং এ দেশ থেকে দক্ষ কর্মী কোরিয়ায় যেতে পারেন সে বিষয়ে আমরা আলোচনা করেছি। একই সাথে তারা (রাষ্ট্রদূত) আমাদের সমাজ প্রেক্ষাপট সম্পর্কে আমাদের কাছ থেকে এটা স্পষ্ট ধারণা পেয়েছেন। আমরা মনে করি যে কোরিয়ান রাষ্ট্রদূত কনভিন্সড হয়েছেন।
পরে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক সাংবাদিকদের বলেন, কীভাবে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো যায় সে ব্যাপারে কথা হয়েছে। দেশের গার্মেন্টস শিল্প, ইলেকট্রনিক কনজ্যুমার, ইনফাস্ট্রাকাচার খাত, পিপিপি খাতে কোরিয়া সহযোগিতা করতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের কাঠামোগত উন্নয়ন ও শ্রমিক নেওয়ার ব্যাপারেও আলোচনা হয়েছে। পার্ক ইয়ং-সিক আরও বলেন, অন্তর্র্বতী সরকারের প্রতি আস্থা আছে তারা গুণগত সংস্কার ও পরিবর্তন আনতে পারবে বলেও তিনি বিশ্বাস করেন। শ্রমিকরা যাতে ন্যায্য সম্মান পায় সে বিষয়ে পদক্ষেপ নেবে কোরিয়া, এই বিষয়ে পার্ক সিক আশ্বাস প্রদান করেন। এ সময় জামায়াতের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
















