আগামীর বাংলাদেশকে টেকসই, জ্ঞানভিত্তিক ও উদ্ভাবনমুখী জাতি হিসেবে গড়ে তুলতে যুব ক্ষমতায়নের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আলোচকরা। জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা এসপিরেন্টস এবং প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ যৌথ উদ্যোগে এবং পানাম ডায়লগস এর সহযোগিতায় সম্প্রতি বিশ্বসাহিত্য কেন্দ্র অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো “Bangladesh Next: Youth Empowerment Dialogue” শীর্ষক সংলাপে তারা এ মন্তব্য করেন । অনুষ্ঠানের মূল আলোচনায় উঠে আসে দেশের তরুণদের নেতৃত্বগুণ, দক্ষতা উন্নয়ন এবং প্রয়োগমুখী শিক্ষার প্রয়োজনীয়তার ওপর জোরালো মতামত।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেসিআই ঢাকা এসপিরেন্টস-এর সভাপতি ব্যারিস্টার এস. এম. আবিদ ঊর রহমান। তিনি তরুণ প্রজন্মকে রাষ্ট্রীয় উন্নয়নের মূল চালিকাশক্তি উল্লেখ করে বলেন, “যুবসমাজই আগামী বাংলাদেশের নীতিনির্ধারণ ও প্রযুক্তি-নির্ভর উন্নয়নের নেতৃত্ব দেবে।
সংলাপের প্রধান আলোচক সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. এহসানুল হক মিলন তার বক্তব্যে বলেন, প্রয়োগমুখী শিক্ষা ছাড়া দেশের অগ্রগতি অসম্ভব। তিনি আরও বলেন, “শিক্ষাকে ব্যবসার পণ্য নয়, জাতীয় বিনিয়োগ হিসেবে দেখতে হবে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা, নৈতিকতা ও নেতৃত্বগুণ উন্নয়নে সমন্বিত একটি কাঠামো জরুরি।” তিনি তরুণদের জন্য গবেষণা, উদ্ভাবন ও কর্মসংস্থানের ক্ষেত্র বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
সংলাপে বিভিন্ন সেক্টরের তরুণ নেতারা অংশগ্রহণ করেন এবং নিজেদের অভিজ্ঞতা ও পরামর্শ তুলে ধরেন। আলোচনায় অংশ নেন জেসিআই বাংলাদেশ এর ডেপুটি ন্যাশনাল প্রেসিডেন্ট আরেফিন আহমেদ রাফি, প্রোটিন মার্কেট এর সিইও এমডি শফিউল আলম, আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানার তনুকা তাসনুভা, এনসিপি’র যুগ্ম আহবায়ক ড. আতিকুর রহমান মুজাহিদ, এনডিএম এর সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার সাহেদুল আজম, পুষ্টিবিদ মোহাম্মদ সজল, যুবশক্তির সদস্য সচিব জাহেদুল ইসলাম, বিপ্লবী সাংস্কৃতিক ঐক্যর আহবায়ক মৃন্ময় মিজান, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর অ্যাডভোকেট মোঃ তানভীর আহমেদ, লেখক ও দার্শনিক শায়খ মুসা আল হাফিজ, ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ। সংলাপটি তরুণদের আগামীর বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রতিজ্ঞা ও আশাবাদের সমন্বয়ে এক উদ্দীপনাময় মিলনমেলায় রূপ নেয়।
















