ভারতে সংখ্যালঘু নির্যাতনের বিষয়গুলো জামায়াত পর্যবেক্ষণ করছে

স্টাফ রিপোর্টার :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের কিছু অসম চুক্তি রয়েছে। দেশের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত হলে জামায়াত দায়িত্বশীল বিরোধীদল হিসেবে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলা হবে। শনিবার জাপান সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে তাকে স্বাগত জানান সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর মো. সেলিম উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসেন এমপি, ঢাকা-৪ আসনের সংসদ সদস্য জামায়াত নেতা সৈয়দ জয়নুল আবেদীন, ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সেক্রেটারি জনাব আতাউর রহমান সরকারসহ বহু নেতাকর্মী।

ভারত থেকে পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয়গুলো জামায়াতে ইসলামী পর্যবেক্ষণ করছে বলে জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, কোনো বিশেষ ধর্মীয় গোষ্ঠীকে লক্ষ্য করে যেন নির্যাতন না করা হয়, সে বিষয়ে ভারত সরকারের প্রতি তিনি আহ্বান জানান। তিনি বলেন, জাপান সফরে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়, জাইকা এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের উন্নয়ন, বিনিয়োগ, শিক্ষা বিনিময়, দক্ষতা উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা ও অবকাঠামোগত সহযোগিতা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে।
জাপান বাংলাদেশকে গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হিসেবে বিবেচনা করে এবং ভবিষ্যতেও সহযোগিতা বাড়াতে আগ্রহী উল্লেখ করে তিনি আরও বলেন, সফরে ক্যান্সার চিকিৎসা, গ্রামীণ উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতার বিষয়ও আলোচনায় এসেছে।

ডা. শফিকুর রহমান জানান, ফেরার পথে থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই আন্দোলনের আহতদের খোঁজখবর নেওয়া হয়েছে। আহতদের চিকিৎসা, পুনর্বাসন ও মানসিক সহায়তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এখন সবচেয়ে জরুরি। পাশাপাশি বাজার পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান। গাজীপুরে একই পরিবারের পাঁচজন নিহত হওয়ার ঘটনাসহ সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোর উদাহরণ টেনে নিন্দা জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, সরকার অতিরিক্ত রাজনৈতিক ব্যস্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে যথেষ্ট মনোযোগ দিতে পারছে না।
উল্লেখ্য, গত ২ মে শনিবার রাত ৩টায় ডা. শফিকুর রহমান জাপান সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। তার সফর সঙ্গী ছিলেন, দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলন এমপি এবং আমীরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি।

Facebook Comments Box