টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ৯ জনই নওগাঁর মান্দা উপজেলার ভাঁরশো ইউনিয়নের বাসিন্দা। সোমবার দুপুরে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সমিবার ভোর সাড়ে ৪টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যমুনা সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কে রডবোঝাই একটি ট্রাক উল্টে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন।
ভাঁরশো ইউনিয়নের নিহত ৯ জন হলেন—মো. সুলতানের ছেলে মোহাম্মদ তারেক (২১), আব্দুর রশিদের ছেলে আব্দুল বারেক (২৪), আবদুর রহিমের ছেলে মোহাম্মদ বাদশা (২৮), একাব্বরের ছেলে সোহাগ (২১), মো. শহিদুলের ছেলে মোহাম্মদ রবিউল (২৬), মোহাম্মদ সাকিমের ছেলে মোহাম্মদ সাগর (২২), মৃত জাফর আলীর ছেলে মোহাম্মদ মঈনুর ইসলাম (৩০) ও আব্দুর রশিদের ২ ছেলে মোহাম্মদ মাইনুল (২৭) এবং মোহাম্মদ গিয়াস (২২)।
ওসি খোরশেদ আলম বলেন, নিহত ১৫ জনের মধ্যে মান্দা উপজেলার ৯ জন ছাড়াও নিয়ামতপুর উপজেলার একজন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন ও রাজশাহীর তানোর উপজেলার একজন রয়েছেন।
তিনি আরও বলেন, নিহত বাকি দুইজনের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। তাদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।














