মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমদ

দীর্ঘ ৩৫ বছর পর আবারও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মুখোমুখি হতে যাচ্ছে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ—রাষ্ট্রপতি নির্বাচন। নির্বাচনে মূল প্রতিপক্ষ হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ক্ষমতাসীন দল বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) ড. অলি আহমদ, বীর বিক্রম।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, উভয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা এবং নির্ধারিত সময়ের মধ্যে কেউ প্রার্থিতা প্রত্যাহার না করায় তপশিল অনুযায়ী জাতীয় সংসদ কক্ষে আগামী কাল এ ভোট গ্রহণ হবে। সংসদ ভবনের নির্ধারিত কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ সদস্যরা ভোট দেবেন।

নির্বাচনে ভোটার হচ্ছেন জাতীয় সংসদের সদস্যরা। সংসদ সদস্যরা বিশেষ ব্যালট পেপারে স্বাক্ষর ও পছন্দক্রমের মাধ্যমে ভোট দেবেন। ভোট গ্রহণ শেষে সংসদ কক্ষেই ব্যালট গণনা করে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবেন নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার।

সংবিধানের ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকায় কোনো সংসদ সদস্যের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ নেই। ফলে সংসদের সদস্য সংখ্যার বিন্যাসই জয়-পরাজয়ের মূল নির্ণায়ক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সংরক্ষিত নারী আসনসহ সংসদে মোট ভোটার সংখ্যা ৩৪৯ জন। বিএনপি দলীয় প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে রয়েছে দলটির শক্তিশালী সমর্থন ও একক সংখ্যাগরিষ্ঠতা। অন্যদিকে বিরোধী জোট প্রার্থী অলি আহমদের পক্ষে অবস্থান নিয়েছে জামায়াতে ইসলামী ও ১১-দলীয় ঐক্য।

Facebook Comments Box