আরো একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল দেশের চ্যানেল আই

নিজস্ব প্রতিবেদক :

বাংলা টেলিভিশন ও গণমাধ্যমের দীর্ঘ পথচলায় আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আই। আজ ১ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ২৮ বছরে পা রাখছে চ্যানেলটি।

এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর মূল স্লোগান ‘সত্য সুন্দর প্রকাশে, চ্যানেল আই আটাশে’। প্রতিষ্ঠার পর থেকে গত ২৮ বছরে সংবাদ, নাটক, বিনোদন, সংগীত, কৃষি, সংস্কৃতি ও নানা আয়োজনের মাধ্যমে দর্শকদের কাছে আলাদা একটি জায়গা তৈরি করেছে চ্যানেল আই। দীর্ঘ এই সময়ে দর্শকদের সঙ্গে গড়ে উঠেছে চ্যানেলটির নিবিড় ও দীর্ঘস্থায়ী সম্পর্ক।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আই ভবনে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ৪০ শহীদ তাজউদ্দীন আহমদ সরণিতে অবস্থিত চ্যানেল আই কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন চ্যানেলটির সঙ্গে যুক্ত শিল্পী, কলাকুশলী, কর্মকর্তা-কর্মচারী, শুভানুধ্যায়ী ও দর্শকরা। পাশাপাশি চ্যানেল আইয়ের পর্দাজুড়ে থাকছে বিশেষ অনুষ্ঠানমালা।

প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষ থেকেও চ্যানেল আইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। চ্যানেল আইয়ের দীর্ঘ পথচলায় দর্শক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসা ও অংশগ্রহণকে এবারও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। জন্মদিনের আয়োজনে দর্শকদের উপস্থিতি পুরো অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তুলবে বলে প্রত্যাশা করছে কর্তৃপক্ষ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং পরিচালক (বিক্রয় ও বিপণন) ইবনে হাসান খান দর্শক, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট সবাইকে অনুষ্ঠানে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।

২৮ বছরের পথচলায় চ্যানেল আই বাংলা টেলিভিশন ও গণমাধ্যমের জগতে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে। প্রতিষ্ঠাবার্ষিকীতে চ্যানেল আইয়ের সঙ্গে যুক্ত সবাই এবং দেশ-বিদেশের দর্শকদের জন্য রইল শুভকামনা।

Facebook Comments Box