স্বর্ণাঢ্য আয়োজনে সাপ্তাহিক পঙক্তির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

নিজস্ব প্রতিবেদক:

সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীলতার এক অনন্য সম্মিলনে বর্ণাঢ্য আয়োজনে উদ্‌যাপিত হলো সাপ্তাহিক পঙক্তি পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। ১ নভেম্বর রাজধানীর সেন্টার পয়েন্ট শপিং মলের ষষ্ঠ তলায় আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিশিষ্ট কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগীতজ্ঞ ও সংস্কৃতিজনদের উপস্থিতিতে সৃষ্টি হয় এক আনন্দঘন ও মনোজ্ঞ পরিবেশ।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও বিশিষ্ট কবি হাসান হাফিজ, কবি আবাম ছালাউদ্দিন, ডেইলী সিটিজেন টাইমস পত্রিকার সম্পাদক নাজমুল আহমেদ তৌফিক, বিশিষ্ট সাংবাদিক উম্মুল ওয়ারা সুইটি, পঙক্তির বিশেষ প্রতিবেদক ববিতা বিশ্বাস, পঙক্তির সাহিত্য সম্পাদক নিল হাসান। সাপ্তাহিক পঙক্তি পত্রিকার সম্পাদক পান্না বেগম সভাপতির বক্তব্যে বলেন, পত্রিকাটির তিন বছরের পথচলা এতোটা সহজ ছিল না। তাঁর বক্তব্যে উঠে আসে সাহিত্য, সংস্কৃতি, মননশীলতা ও সৃজনশীল সাংবাদিকতার বিকাশে পঙক্তির নিরন্তর অঙ্গীকারের কথা।
আলোচনাপর্বে আমন্ত্রিত অতিথিরা পত্রিকাটির সাফল্য, সাহিত্যচর্চায় এর ভূমিকা এবং আগামী দিনের সম্ভাবনা নিয়ে তাঁদের মূল্যবান অভিমত ও শুভকামনা ব্যক্ত করেন।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশনা আয়োজনটিকে করে তোলে আরও প্রাণবন্ত ও উপভোগ্য। এতে সংগীত পরিবেশন করেন বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত সংগীতশিল্পী, সুরকার ও পরিচালক আলম মাহমুদ এবং সংগীতশিল্পী জেরিন ফেরদৌস পঙক্তি। তাঁদের সুরেলা পরিবেশনা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে এবং অনুষ্ঠানজুড়ে সৃষ্টি করে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক আবহ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার মধ্য দিয়ে উদ্‌যাপনের আনন্দ আরও বহুগুণে বৃদ্ধি পায়। পাশাপাশি অনুষ্ঠানে রাখা হয় একটি বিশেষ শুভেচ্ছাবার্তার খাতা। সেখানে উপস্থিত অতিথি, লেখক, শুভানুধ্যায়ী ও আমন্ত্রিত সুধীজনেরা নিজেদের অনুভূতি, অভিব্যক্তি ও শুভকামনা লিপিবদ্ধ করেন। তাঁদের আন্তরিক শুভেচ্ছাবাণীতে প্রতিফলিত হয় সাপ্তাহিক পঙক্তির প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও প্রত্যাশা।
অনুষ্ঠানে পত্রিকার কর্মকর্তা-কর্মচারী, সহকর্মী, লেখক, প্রতিবেশী, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আয়োজনটিকে করে তোলে আরও অর্থবহ ও হৃদ্যতাপূর্ণ।
সুশৃঙ্খল ব্যবস্থাপনা, রুচিশীল পরিবেশনা এবং নান্দনিক আয়োজনের সমন্বয়ে পুরো অনুষ্ঠানটি ছিল অত্যন্ত মার্জিত ও প্রশংসনীয়। কবি, সাহিত্যিক ও সংস্কৃতিজনদের সম্মিলিত উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন পরিণত হয় এক তাৎপর্যপূর্ণ সাংস্কৃতিক মিলনমেলায়।
তিন বছরের এই পথচলা সাপ্তাহিক পঙক্তির জন্য কেবল সময়ের পরিক্রমা নয়, বরং সাহিত্য ও সংস্কৃতির অঙ্গনে নিজস্ব পরিচয় নির্মাণের এক প্রত্যয়ী অধ্যায়। পাঠক, লেখক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসা এবং সুধীজনদের অনুপ্রেরণাকে পাথেয় করে পত্রিকাটি আগামী দিনগুলোতেও সত্য, সুন্দর ও সৃজনশীলতার পথে আরও সমৃদ্ধ হয়ে এগিয়ে যাবে—এমন প্রত্যাশাই ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।

Facebook Comments Box