থ্যালাসেমিয়া রোগীদের সহায়তায় রবি’র স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উপলক্ষে রবি আজিয়াটা পিএলসি সম্প্রতি রাজধানীর শান্তা ফোরাম টাওয়ারে অবস্থিত করপোরেট কার্যালয়ে ‘রবি ব্লাড ডোনেশন ড্রাইভ ২০২৬’-এর আয়োজন করে। মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে স্বেচ্ছায় রক্তদান করেন।

বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন-এর সহযোগিতায় আয়োজিত এ উদ্যোগে রবি, শান্তা হোল্ডিংস লিমিটেড, আরএমজি সাসটেইনেবিলিটি কাউন্সিল (আরএসসি) এবং শান্তা ফোরাম কমিউনিটির বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা অংশ নেন। রবি আজিয়াটা পিএলসির স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে এবার ১৩২ জন রক্ত দিয়েছেন। প্রতিষ্ঠানটির এ ধরনের আয়োজনে এটাই এখন পর্যন্ত সর্বোচ্চ অংশগ্রহণ।

নিয়মিত রক্ত পরিসঞ্চালনের ওপর নির্ভরশীল থ্যালাসেমিয়া রোগীসহ অন্যান্য রোগীদের সহায়তা করাই ছিল এ উদ্যোগের মূল উদ্দেশ্য। অংশগ্রহণকারীদের জন্য বিনামূল্যে ছয় ধরনের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও রাখা হয়।

প্রতিবছর ২ নভেম্বর দেশে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত হয়। দিবসটির তাৎপর্য তুলে ধরার পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বাড়াতেই এ কর্মসূচির আয়োজন করে রবি। এর মাধ্যমে নিয়মিত রক্তের প্রয়োজন হয় এমন রোগীদের সহায়তার পাশাপাশি আরও বেশি মানুষকে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করার প্রচেষ্টা চালানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবি আজিয়াটা পিএলসির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও জিয়াদ সাতারা, চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম, চিফ পিপল অফিসার মুহাম্মদ শোয়েব বেগ এবং পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড সাসটেইনেবিলিটি বিভাগের পরিচালক শরীফ শাহ জামাল রাজ। বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দা মাসুমা রহমানও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমের পাশাপাশি থ্যালাসেমিয়া বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতেও সক্রিয় ভূমিকা পালন করছে রবি। চলতি বছরের বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে প্রতিষ্ঠানটি দেশের থ্যালাসেমিয়া-প্রবণ এলাকাগুলোতে এক কোটি সচেতনতামূলক বার্তা পাঠিয়েছে। এসব বার্তায় রোগটি সম্পর্কে সচেতনতা, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ এবং প্রতিরোধের গুরুত্ব তুলে ধরা হয়।

এ ধরনের উদ্যোগের মাধ্যমে সামাজিক দায়িত্ববোধের চর্চা ও মানবিক মূল্যবোধের বিকাশে অবদান রাখতে চায় রবি।

Facebook Comments Box