চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

‎রংপুরের বদরগঞ্জ উপজেলায় চোর সন্দেহে মুরগির খামারে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে খামারের লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় খামারের তিনজনকে আটক করেছে পুলিশ। রোববার বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের দলুয়া এলাকার একটি পোল্ট্রি খামারে এ ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তি হলেন-দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের পলিপাড়া গ্রামের বাসিন্দা মকবুল হোসেন (৩৫)।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, খামারটিতে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ। এ কারণে খামারের প্রধান ফটক সার্বক্ষণিক বন্ধ রাখা হয়।

শনিবার রাতে চোর সন্দেহে মকবুল হোসেনকে আটক করেন খামারের লোকজন। পরে তাকে গাছে ঝুলিয়ে বেধড়ক মারধর করা হয়।
মারধর করা অবস্থায় তার মৃত্যু হয় বলে অভিযোগ করেন এলাকাবাসী। পরে তাকে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‎স্থানীয় বাসিন্দা আকবর আলী বলেন, মারধরের একপর্যায়ে মকবুলের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। তখন তাকে খামারের বাহিরে ফেলে দেয় খামার কর্তৃপক্ষ। পরে স্থানীয় লোকজন ও খামারের কর্মচারীর সহায়তায় তাকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ক্ষমতার প্রভাব খাটিয়ে সাধারণ মানুষদের মানুষ মনে করে না খামার কর্তৃপক্ষরা। একটি লোক খামারের পাশে যেতেই পারে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন ছিল। কোনো কিছু জিজ্ঞাসা না করেই চোর সন্দেহে মারধর করা কোনোভাবেই কাম্য নয়। এ বিষয়ে প্রশাসনের আইনগত ব্যবস্থা নেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

এদিকে, রোববার সকালে খামার কর্তৃপক্ষ বদরগঞ্জ থানায় ফোন করে চোর আটকের বিষয়টি জানায়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং বদরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার মরদেহ উদ্ধার করে।

বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার নূরে আফতাব সিদ্দিকী বলেন, আহত অবস্থায় এক যুবককে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয় কিন্তু এখানে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পরে পুলিশ তার মারদেহ উদ্ধার করে নিয়ে যায়।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খামার কর্তৃপক্ষের ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এবং ঘটনস্থল পরিদর্শন করে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

ওসি আরও বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য খামারের তিন কর্মচারীকে থানায় আনা হয়েছে। ঘটনার সঙ্গে কারা জড়িত, কী কারণে ওই যুবককে মারধর করা হয়েছে এবং নির্যাতনের প্রকৃত পরিস্থিতি কী ছিল এসব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।

Facebook Comments Box